সিনেমায় নবাগত হলেও আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’। ২০২৪ সালে মুক্তি পায় এটি। এ বছর মুক্তি পায় ‘নীলচক্র’। এরপর নতুন সিনেমা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কিন্তু জানা গেল, দ্রুতই নতুন সিনেমার ঘোষণা দেবেন এ অভিনেত্রী। কয়েকটি সিনেমা নিয়ে আলাপ চলছে। নিশ্চিত হলেই ঘোষণা দেবেন বলে নিজেই জানিয়েছেন মন্দিরা।

অভিনেত্রী জানান, তার কাছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব এলেও তিনি সম্মত হননি। কেননা তার গল্প পছন্দ হয়নি। মন্দিরা বলেন, ‘আমি চাই আমার তৃতীয় সিনেমাটি প্রথম দুটির চেয়ে আরো ভালো গল্পের হোক, আরো সুন্দর হোক। আমি যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমায় অভিনয় করে হ্যাটট্রিক করতে পেরেছি।’

সে কারণেই সময় নিচ্ছেন মন্দিরা। গল্প যাচাই করছেন। মন্দিরা ইঙ্গিত দিলেন বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, ‘আপাতত তৃতীয় সিনেমার গল্প, পরিকল্পনা, শিডিউলসহ আনুষঙ্গিক বিষয় নিয়েই ব্যস্ততায় সময় কাটছে আমার। আর অল্প কিছুদিনের মধ্যই আসবে তৃতীয় সিনেমার ঘোষণা। আমি খুব উচ্ছ্বসিত।’

প্রথম সিনেমা কাজল রেখা মুক্তির পর পরই তিনি আলোচনায় চলে আসেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এ সিনেমায় আরো অনেক তারকা শিল্পী অভিনয় করলেও নবাগত শিল্পী হিসেবে মন্দিরা চক্রবর্তী আলাদাভাবেই তার অভিনয় ও গ্ল্যামার দিয়ে আলোচিত হন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন নীলচক্র সিনেমায়। নীলচক্রে অভিনয়ের জন্যও দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা। এ সিনেমার পর মন্দিরার কাছে আরো সিনেমার প্রস্তাব আসে। কিন্তু তিনি রাজি হননি। কারণ হিসেবে জানান, তিনি যেভাবে সিনেমায় কাজ এবং নিজেকে উপস্থাপন করতে চান, সেদিক বিবেচনায় সিনেমাগুলোয় তার কাজ করার অনুকূলে নয়। তবে নতুন সিনেমাটি নিয়ে তিনি ইতিবাচক মনোভাবই পোষণ করছেন।