দর্শকপ্রিয় নাট্যাভিনেতা ইরফান সাজ্জাদ। নাটকে অভিনয় করেই দর্শকের প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। একজন অভিনেতা হিসেবে তিনি তার অভিনীত বেশকিছু নাটকে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এ অভিনয়শিল্পীর মিডিয়ায় একজন নম্র-ভদ্র, বিনয়ী মানুষ হিসেবেও বেশ সুনাম রয়েছে। গুণী এ অভিনেতাকে এর আগে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। পরবর্তী সময়ে দীর্ঘদিনের বিরতির পর তিনি মেধাবী নির্মাতা বিপ্লব হায়দারের ‘আলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। এরপর একই পরিচালকের অর্থাৎ বিপ্লব হায়দারেরই আরেকটি সিনেমা ‘ভয়াল’-এ অভিনয় করেন। ‘ভয়াল’ গত শুক্রবার রাজধানীর প্রায় ১০টি সিনেমা হলসহ ঢাকার বাইরেও আরো বেশকিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ সিনেমায় ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন নন্দিত নাট্যাভিনেত্রী আইশা খান। এর আগে আইশা ইরফান সাজ্জাদের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমায় এবারই প্রথম তারা একসঙ্গে অভিনয় করলেন। সিনেমাটিতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন সুজন চরিত্রে। যদিও দেশের সার্বিক পরিস্থিতি এখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অনুকূলে নয়। তার পরও ভয়াল টিম যতটা আশা করেছিলেন সিনেমা হলে গিয়ে দর্শক সিনেমা উপভোগ করবেন, তার অনেকটাই পূরণ হয়েছে। যারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন বলা যায় সবাই ইরফান সাজ্জাদের সুজন চরিত্রে অনবদ্য অভিনয়ের প্রশংসা করেছেন।

ইরফান সাজ্জাদ বলেন, ‘চলচ্চিত্রে এ খরা মৌসুমে যে অনেক দর্শক হলে গিয়েছেন, সিনেমাটি উপভোগ করেছেন, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগার বিষয়। যে পরিমাণ দর্শক আশা করেছিলাম বলা যায় তার ৬০ ভাগ আমরা হলে পেয়েছি। এর মধ্যে এ সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে আরো বেশকিছু সিনেমা হলে ভয়াল প্রদর্শন যুক্ত হচ্ছে। আমি অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। বিশেষত আমার পরিচিত যারা আছেন তারা ভয়াল দেখা শেষে আমাকে ফোন করেছেন, মেসেজ দিয়েছেন। আবার এমন অনেকেই আছেন ফেসবুকে আমাকে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। তো এটা আমার জন্য সত্যিই অনেক ভালো লাগার বিষয়। ধন্যবাদ জানাই পরিচালক বিপ্লব হায়দারকে আমাকে নিয়ে ভাবার জন্য, আমাকে আলী ও পরে ভয়াল সিনেমায় কাজ করার সুযোগ দেয়ায়। তিনি যদি তার মনের মতো প্রযোজক পেতেন, তাহলে আরো অনেক ভালো কিছু করতে পারতেন। কারণ নির্মাণের ভাবনা ছাড়া আর কোনোকিছু নিয়ে তার ভাবনা নেই। তিনি নির্মাণেই মগ্ন থাকতে চান।’

ইরফান সাজ্জাদ জানান, আগামী ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে তিনি কয়েকটি নাটক এবং ওটিটির জন্য ওয়েব ফিল্মে কাজ করবেন।