ছবিতে শক্তিশালী এক খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
ছবির সাফল্যের মাঝেই সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন অর্জুন রামপাল। সেখানে তিনি তার দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতি তুলে ধরেন। বলেছেন প্রথম সিনেমা ‘মোক্ষ’ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পথচলার গল্প।
তিনি লেখেন, ‘ছোটবেলায় কাউবয় খেলার দিন থেকে শুরু করে আমার প্রথম ছবি মোক্ষ এবং ধুরন্ধর পর্যন্ত এ যাত্রার অংশ হওয়া এবং সবাইকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’
অর্জুন রামপাল তার ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রের সংশ্লিষ্ট টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার প্রিয় ভক্ত পরিবারকে ধন্যবাদ, যারা সবসময় পাশে ছিলেন। আমি সত্যিই আকাশে ভাসছি।’
তিনি আরো যোগ করেন, সাফল্যের পেছনে ধৈর্য, অধ্যবসায় ও আবেগ সবচেয়ে বড় শক্তি। তার মতে, এ তিন গুণ ধরে রাখলেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। ধুরন্ধর: দ্য রিভেঞ্জ এরই মধ্যে একটি শক্তিশালী অ্যাকশন ড্রামা হিসেবে দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এর শক্তিশালী গল্প ও উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্যের জন্য।
চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত। তাদের পারফরম্যান্স গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
দুই পর্বের এ চলচ্চিত্র সিরিজ বর্তমানে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। দর্শক বিশেষভাবে অর্জুন রামপালের জটিল ও বহুস্তরীয় খলচরিত্রের প্রশংসা করছেন, যা তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
সব মিলিয়ে ধুরন্ধরের সাফল্য অর্জুন রামপালের ক্যারিয়ারে নতুন এক উজ্জ্বল অধ্যায় যোগ করেছে, যেখানে তিনি আবারো প্রমাণ করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করাই তার সবচেয়ে বড় শক্তি।
সূত্র: বলিউড হাঙ্গামা









