২০২৩ সালের ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’। রোমান্স, টানাপড়েন আর জটিল আবেগে মোড়ানো এ সিনেমা এবার ওটিটিতে। বন্ধু দিবস উপলক্ষে ৩ আগস্ট থেকে সিনেমাটি বিনামূল্যে দেখা যাচ্ছে টফি অ্যাপ ও ওয়েবসাইটে।

সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে প্রেম, বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতার জটিল আবহে। গল্পের কেন্দ্রে রয়েছে ইভন, যে প্রেমে পড়ে তন্বীর। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে আরেকটি চরিত্র—সিন্ডি। শুরু হয় ত্রিভুজ প্রেমের টানাপড়েন। একসময় উদঘাটন হতে থাকে অতীতের রহস্য আর সামনে আসে চমকে দেয়া কিছু মোড়।

মেঘের কপাট সিনেমার কাহিনী, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ওয়ালিদ আহমেদ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ একঝাঁক অভিনয়শিল্পী।

বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে চিত্রায়িত সিনেমাটিতে রয়েছে মোট পাঁচটি গান। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক জাভেদ আলী, রূপঙ্কর, আফরোজা মোমেন, অনিন্দ্য চ্যাটার্জি, অর্ঘ্য ও দিলরুবা কামাল। গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।

দেশে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়তে সক্ষম হয়েছে ‘মেঘের কপাট’। এরই মধ্যে সিনেমাটি পেয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মাননা। নিউইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি সেরা চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করেছে। ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছে সেরা বিদেশী চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার। পাশাপাশি সম্মাননা পেয়েছে ‘রাজকাপুর অ্যাওয়ার্ড’-এও।