বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। বহু আগেই নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। অভিনয়জীবনের শুরু থেকেই তিনি গুণী নির্মাতাদের জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। শুরু থেকে এখনো কোনো বিরতি ছাড়াই নিয়মিত অভিনয়ে যুক্ত থেকে নাটক, বিজ্ঞাপন ও সিনেমা দর্শককে উপহার দিয়ে যাচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর এনটিভিতে প্রচারিত এবং পরবর্তী সময়ে এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে দীপা খন্দকার ও জাহিদ হোসেন শোভন অভিনীত নাটক ‘শেষের গল্প’। মুরাদ পারভেজ রচিত ও পরিচালিত এ নাটকের শুটিং হয়েছিল এক বছরের বেশি আগে শ্রীমঙ্গলে।

প্রচারিত হওয়ার পর নাটকের কয়েকটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিশেষ করে একজন একা মায়ের চরিত্রে দীপার আবেগঘন অভিনয় দর্শকের চোখে পড়ে। ফেসবুক ও ইউটিউবের মন্তব্যের ঘরে নাটকের গল্প, নির্মাণ ও লোকেশনের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে দীপার অভিনয়। অনেক দর্শক নাটকের কিছু অংশ দেখে পুরো নাটকটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন।

নাটকটির প্রশংসা শুধু দর্শকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সহশিল্পীরাও দীপার অভিনয় ও এমন গল্পনির্ভর নাটককে সাধুবাদ জানিয়েছেন। এরই মধ্যে দীপা এ ধরনের নাটকে কাজের জন্য নতুন প্রস্তাবও পেয়েছেন। তিনি বলেন, ‘বিশেষত এনটিভি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে এবং এ ঘরানার গল্পে আরো অভিনয়ের প্রস্তাব দিয়েছে। ভাবতেও পারিনি এ নাটক থেকে এত সাড়া পাব। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি।’