ঘোষিত হলো অস্কারের এ আসরের চূড়ান্ত মনোনয়ন। কিন্তু সেখানে নেই ভারতের সিনেমা ‘হোমবাউন্ড’। এ নিয়ে সম্প্রতি নিজের মনোভাব জানালেন অভিনেতা ঈশান খাত্তার। তার অভিনীত সিনেমা হোমবাউন্ড ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও, সিনেমাটিকে ঘিরে আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টে ঈশান স্পষ্ট করেছেন—পুরস্কার নয়, হোমবাউন্ড তার কাছে একান্ত ব্যক্তিগত এক যাত্রা।

ঈশানের কথায়, হোমবাউন্ড শুধু একটি সিনেমা নয়, বরং তার হৃদয়ের একটি অংশ। সিনেমাটি এমন এক বাস্তবতাকে তুলে ধরে, যা কঠিন হলেও শেষ পর্যন্ত আশার কথাই বলে। একজন মানুষ হিসেবে, একজন সিনেমাপ্রেমী হিসেবে এবং একজন তরুণ অভিনেতা হিসেবে এ গল্প তাকে গভীরভাবে স্পর্শ করেছে। সিনেমার মাধ্যমে নিজের ভেতরের দিকে তাকানোর যে অভিজ্ঞতা তিনি পেয়েছেন, সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

অস্কারে জায়গা না পাওয়া নিয়ে হতাশা থাকলেও, ঈশান জানিয়েছেন তিনি গর্বিত যে এমন একটি সিনেমার অংশ হতে পেরেছেন। হোমবাউন্ডকে তিনি সবসময় ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করবেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্যে স্পষ্ট—সাফল্যের মাপকাঠি শুধু পুরস্কার নয়, বরং শিল্পের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক।

পরিচালক নীরজ ঘায়ওয়ানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশান। তাকে ‘ভাই’ বলে সম্বোধন করে অভিনেতা লেখেন, ‘নীরজ এমন একজন মানুষ, যার বিবেক ও দৃষ্টিভঙ্গির ওপর তিনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। খুব কম মানুষের ক্ষেত্রেই এমন আস্থা রাখা যায়।’ পাশাপাশি সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী, কলাকুশলী ও দর্শকেরও ধন্যবাদ জানিয়েছেন ঈশান, যারা সিনেমাটিকে নিজের বলে আপন করে নিয়েছেন।

এর আগেই সিনেমার আরেক অভিনেতা বিশাল জেঠওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে অস্কার মনোনয়ন না পাওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন। তার মতে, ব্যর্থতা তখনই হয়, যখন চেষ্টা করা হয় না—মনোনয়ন না পাওয়া মানেই ব্যর্থতা নয়।

করণ জোহর, আদর পুনাওয়ালা ও অপূর্ব মেহতা প্রযোজিত এবং মার্টিন স্করসেসি ও প্রবীণ খৈরানার নির্বাহী প্রযোজনায় তৈরি হোমবাউন্ড সিনেমায় ঈশান খাত্তার, বিশাল জেঠওয়া ও জাহ্নবি কাপুর অভিনয় করেছেন। শৈশবের দুই বন্ধু শোয়েব ও চন্দনের গল্পের মাধ্যমে সিনেমাটি বন্ধুত্ব, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সমসাময়িক ভারতের সামাজিক চাপের বাস্তব চিত্র তুলে ধরে, যা হয়তো পুরস্কার জেতেনি, কিন্তু বহু দর্শকের হৃদয় জিতে নিয়েছে।

সূত্র: ইয়ন