বছরের সেরা কাজ নির্বাচন করতে নিজ নিজ পছন্দের কাজ ও শিল্পীর পক্ষে ভোট দিয়ে থাকেন দর্শক। সেখান থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্তরা হন অ্যাওয়ার্ড বিজয়ী। বিশ্বজুড়ে সচরাচর এ নিয়মই চলে আসছে।

তবে দেশের বেসরকারি টিভি ও ওটিটি প্লাটফর্ম দীপ্ত আয়োজিত ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’-এ তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। এখানে ভোটদাতা দর্শকও পাবেন বিজয়ীর স্বাদ! জিতে নিতে পারবেন পুরস্কার। 

চ্যানেলটির প্রোগ্রাম অফিসার জাকিয়া সুলতানা জানান, ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘‌দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবড সিরিজ ও ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে প্রকাশিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে মোট ১১টি ক্যাটাগরিতে দেয়া হবে এ পুরস্কার। 

দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। 

ক্যাটাগরিগুলো হলো আলোচিত একক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী); আলোচিত ধারাবাহিক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী) ও আলোচিত অভিনয়শিল্পী (পার্শ্ব); ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে প্রকাশিত আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী) এবং আলোচিত ডাবড সিরিজ।