দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। একটা সময় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করে জুটি হিসেবে তারা দর্শকের পছন্দের শীর্ষে ছিলেন। তবে ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেলে বদলে যায় হিসাব-নিকাশ। রাশমিকা আগেও জনপ্রিয় ছিলেন, তবে পুষ্পার সঙ্গে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। এ সিনেমায় তার চরিত্রের নাম শ্রীবল্লী। এরপর অবস্থা এমন হয়, বহু দর্শক তাকে শ্রীবল্লী নামেই চিনতে শুরু করে। বিষয়টি নিয়ে রাশমিকা খুশি। তিনি মনে করেন, শ্রীবল্লী তার পরিচয় হয়ে উঠেছে।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেন রাশমিকা। উপস্থাপিকা উর্মি বিজয়াকর তাকে জিজ্ঞেস করেছিলেন, নিজের ডাকনাম শ্রীবল্লী রাখবেন কিনা রাশমিকা। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এ রকম একটা কথা আমার টিমের সঙ্গে হয়েছেও। কেননা শ্রীবল্লী আমার নতুন পরিচয় হয়ে উঠেছে।’
এর সঙ্গে রাশমিকা যোগ করেন, তিনি আসলে বিষয়টি নিয়ে দারুণ খুশি ও গর্বিত। রাশমিকা বলেন, ‘এ নিয়ে আমি গর্বিত। কেননা আমি মনে করি, একজন অভিনেতা তখনই সফল, যখন তিনি যে চরিত্র করেছেন সে নামে পরিচিত হন। এর চেয়ে বড় প্রশংসা কিছু হয় না।’
পুষ্পা এখন ভারতের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে। এ সাফল্যের অংশীদার রাশমিকাও। সে সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। দীর্ঘদিন ধরে সবাই আমার কাছে জানতে চাইতেন ‘‘পুষ্পা টু’’ কবে আসবে। তারপর যখন সিনেমাটি এল, এত জনপ্রিয় হলো যে সেটা আমার জন্য আনন্দদায়ক।’
শ্রীবল্লী চরিত্রটি অনেক কিছু শিখিয়েছে বলে মনে করেন রাশমিকা। তিনি বলেন, ‘এর আগে আরো অনেক চরিত্রে অভিনয় করেছি। দর্শকের প্রশংসাও পেয়েছি। তবে এ চরিত্র ছিল ভিন্ন। প্রতিদিন নতুন কিছু শিখছিলাম এবং আমার মনে হয়েছে, চরিত্রের ভেতর ঢুকে যেতে পারছি। সেজন্যই হয়তো দর্শকও পছন্দ করেছেন আর এটা আমার আরেকটা পরিচয় হয়ে উঠল।’
সূত্র: বলিউড হাঙ্গামা










