গুণী অভিনেত্রী সুষমা সরকার। যার পদচারণা সিনেমা ও নাটকে। এরই মধ্যে তিনি দর্শকের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। সুষমা সম্প্রতি দুটি নতুন সিনেমায় অভিনয় করেছেন। একটি জহির রায়হানের (এ যুগের পরিচালক) ‘সোলতে’ ও অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’।
রাজশাহীর বইপ্রেমী মানুষের কাছের মানুষ ছিলেন পলান সরকার। বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। সেটি পড়া শেষ হলে তার বদলে আবার আরেকটি বই দিতেন। সংবাদমাধ্যম সূত্রে পরে তাকে চিনেছিল পুরো দেশ ও পৃথিবী। ২০১৯ সালে ৯৮ বছর বয়সে প্রয়াত হন পলান সরকার। তাকে নিয়েই নির্মাণ হয়েছে সিনেমাটি। একটা সময় তিনি রাজশাহীতে একজনের বাড়ি এসে কিছুদিন থেকেছিলেন। যার বাড়িতে ছিলেন তারই চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। ‘নদাই’ সিনেমায় যে শিশু নাম ভুমিকায় অভিনয় করেছে তারই মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন। এদিকে আজ সুষমার জন্মদিন। তবে ছুটি নেই কাজ থেকে। সুষমা সরকার বলেন, ‘সোলতে ও নদাই সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমায় গল্পই প্রাণ। নির্মাতারা চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দুটিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালো লাগা এই যে ভিন্ন ধরনের গল্পের সিনেমায় কাজ করেছি, যেগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়তোবা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। জন্মদিনে বিটিভির “অসুখ” নামের একটি নাটকে অভিনয় করব। বাসায় ফিরে হয়তো একমাত্র কন্যা অনিন্দ্য গল্পের সঙ্গেই সময় কাটাব। সবার দোয়া আর আশীর্বাদ চাই।’ কেএম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেও বর্তমানে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সুষমা। ঈদে আসবে কাজল আরেফিন অমির নাটক ‘হাউ সুইট’। এছাড়া শিগগিরই লিটু করিমের ‘গাড়িয়াল’ নাটকেও কাজ করবেন তিনি। সুষমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ডুবসাঁতার’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘সাপলুডু’, ‘নবাব এলএলবি’, ‘পেয়ারার সুবাস’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’। শিগগিরই প্রচারে আসছে কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকটি।










