বাংলাদেশের রক সংগীতের অগ্রদূত, নগরবাউল খ্যাত শিল্পী জেমস, দেশের মঞ্চে পারফরম্যান্সের জন্য সর্বদা দর্শক হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দেশ-বিদেশে অসংখ্য কনসার্টে অংশ নিয়ে তিনি গড়ে তুলেছেন ভক্তদের বিশাল ফ্যানবেস।
এবার দেশের শীর্ষ এ তারকা মেহেরপুরের মঞ্চে মাতাতে যাচ্ছেন একক কনসার্টে। ‘রঙে রঙিন হবে রাত, সুরে ভেসে যাবে মেহেরপুর’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ‘গুরু জেমস লাইভ ইন মেহেরপুর’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন এ নগরবাউল। কনসার্টের আয়োজন করছে স্থানীয় সূর্য ক্লাব। তারা জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
সূর্য ক্লাবের গ্র্যান্ড ওপেনিং সেরিমনির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় শুরু হবে। কনসার্টের খবর প্রকাশের পর থেকেই মেহেরপুরের সংগীতপ্রেমীদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। অনেকে এরই মধ্যে প্রহর গোনা শুরু করেছেন প্রিয় শিল্পীকে দেখার জন্য।
আয়োজকরা জানিয়েছেন, জেমস ও নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে সবকিছু চূড়ান্তভাবে আলোচনা করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে নির্দিষ্ট তারিখেই কনসার্ট অনুষ্ঠিত হবে। মেহেরপুরবাসীর জন্য এ সংগীতময় রাতটি স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্টরা সব রকম প্রস্তুতি নিচ্ছেন।
জেমসের ভাষ্য, ‘১০ অক্টোবর মেহেরপুরে গানপ্রেমীদের সঙ্গে দেখা ও গান হবে।’ এদিন তিনি ভক্তদের জন্য কিছু প্রিয় গান উপস্থাপন করবেন।
এ বছর জেমস ও তার ব্যান্ড বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিয়েছেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের কনসার্টে অংশ নেন তিনি। এছাড়া ডালাস, সৌদি আরবের দাম্মাম ও জেদ্দাতে আয়োজিত কনসার্টেও পারফর্ম করেছেন।
দেশের মঞ্চেও জেমসকে দেখা গেছে বড় আয়োজনে। এ বছর টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং চট্টগ্রামের ফুল উৎসবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
জেমস জানিয়েছেন, কনসার্টের বাইরে কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এগুলো প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।










