আলোচিত জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে বিবিসি স্টুডিওজ। নতুন এ সিরিজে সংকটাপন্ন পরিবেশের সুরক্ষায় থানবার্গের উদ্যোগ এবং জলবায়ুর বর্তমান দশার জন্য দায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরা হবে। এতে বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে থানবার্গের করা ক্যাম্পেইনকে দৃশ্যায়ন করা হবে। প্রামাণ্য সিরিজটিতে বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গ্রেটার সাক্ষাত্কারগুলোও উপস্থাপন করা হবে। এসব কথোপকথনে মূলত গ্রেটা থানবার্গ বৈশ্বিক তাপমাত্রা দ্রুত কমিয়ে আনার সপক্ষে যুক্তি তুলে ধরেছেন।

এক বিবৃতিতে প্রকল্পটির নির্বাহী প্রযোজক রব লিডেল বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং জটিল এ বিষয়ের পেছনের সত্য ও বিজ্ঞান অন্বেষণ করে, এমন একটি অনুমোদনযোগ্য সিরিজ নির্মাণ করা সময়োপযোগী মনে হচ্ছে। গ্রেটার সঙ্গে এটি (প্রামাণ্যচিত্র) করতে পারা একটি দারুণ সুযোগ আমাদের জন্য। এর মাধ্যমে গ্লোবাল আইকন ও গ্রহের অন্যতম পরিচিত মুখ হিসেবে তার ভেতরের দৃষ্টিভঙ্গি জানা যাবে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এ অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। এরপর তার ডাকে সাড়া দিয়ে ও সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে এ আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ।

থানবার্গ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার বার্তা তুলে ধরতে জাতিসংঘে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন এবং কঠোর ভাষায় জলবায়ুর জন্য দায়ী দেশগুলোর নেতাদের সমালোচনা করেন। ২০১৯ ও ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন। ২০১৯ সালের টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা ব্যক্তিত্বও নির্বাচিত হয়েছেন ১৭ বছর বয়সী গ্রেটা থানবার্গ।

 

সূত্র: গার্ডিয়ান ও জাকার্তা পোস্ট