বলিউডের অন্যতম গুণী নির্মাতা শেখর কাপুর। নির্মাণ করেছেন ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’-এর মতো সিনেমা। এরপর তার কোনো সিনেমাই খুব বেশি আলোচিত হয়নি। কিন্তু শেখর কাপুরের আছে একটি বড় অর্জন। তার পরিচালনায় নির্মাণ হয়েছিল রানী এলিজাবেথের জীবনীভিত্তিক সিনেমা ‘এলিজাবেথ’ ও ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ’। ২০০৭ সালের এ সিনেমার জন্য কেট ব্ল্যানচেট তার প্রথম অস্কার মনোনয়ন পান। সব মিলিয়ে শেখর কাপুরকে হিন্দি সিনেমার সেরা পরিচালকদের একজন হিসেবে গণ্য করা হয়।

এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম ভূষণ পেয়েছেন তিনি। সম্প্রতি ভারতের সিনেমা ও গণমাধ্যমবিষয়ক আয়োজন ‘ওয়েভস ২০২৫’-এ অংশ নিয়েছেন তিনি। সেখানেই জানালেন, তার কোনো নামি তারকার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই মানুষের মতো তারকা তৈরি করবেন।

শেখর কাপুর মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল অভিনেতাই তৈরি করতে পারে না। চাইলে তারকাও তৈরি করতে পারে। তিনি বলেন, ‘অভিনেতারা তো কেবল অভিনেতাই হবেন। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মানুষের মতোই অভিনেতা তৈরি করা সম্ভব। তারা কেবল অভিনেতা হবেন না, এক একজন হবেন তারকা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমি নিজের মতো তারকা তৈরি করতে পারি। তাদের ওপর আমার কপিরাইটও থাকবে। কেননা তারা তো বাস্তব কেউ না। নারী, পুরুষ, শিশু যে রকমই করি না কেন, সে হবে আমার তৈরি।’

শেখর কাপুর এ আলাপে দুজন তারকার নামও নেন—শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। শেখর জানান, তার শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের মতো তারকার প্রয়োজন নেই।

শেখর কাপুর মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমাজের যেকোনো স্তরের মানুষ যেকোনো ধরনের কাজ করতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস