অবশেষে ভারতের মধ্য প্রদেশ সরকার প্রদত্ত ২০১৮ সালের ‘কিশোর কুমার সম্মান’ গ্রহণ করতে যাচ্ছেন সাবেক অভিনেত্রী ওয়াহিদা রেহমান। গতকাল ভোপালে আনুষ্ঠানিক এক বিবৃতিতে রাজ্যটির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আজ এ অভিনেত্রীর হাতে তুলে দেয়া হবে সম্মাননা স্মারকটি। জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় ওয়াহিদার বাসভবনে তাকে এ সম্মাননা তুলে দেবেন মধ্য প্রদেশের সংস্কৃতিমন্ত্রী বিজয়লক্ষ্মী সাধু। সম্মাননা হিসেবে একটি প্রশংসাপত্র ও ২ লাখ রুপি প্রদান করা হবে তাকে।

গত বছরের ১৩ অক্টোবর সংগীত কিংবদন্তি কিশোর কুমারের প্রয়াণ দিবসে ‘কিশোর কুমার সম্মান’ গ্রহণ করার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ওয়াহিদা রেহমান এ পুরস্কার গ্রহণ করতে পারেননি।

হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত করা হয় ওয়াহিদা রেহমানকে। তার উল্লেখযোগ্যসংখ্যক ছবি বক্স অফিসে ব্যবসা করেছে এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছেন তিনি।

ভারতের তামিলনাড়ুতে তামিল ও উর্দুভাষী এক পরিবারে জন্মগ্রহণ করেন ওয়াহিদা রেহমান। তার বাবার মৃত্যুর পর তেলেগু ছবি রোজুলু মারায়ইতে প্রথমবারের মতো অভিনয় করেন তিনি। এ ছবিতে তিনি শিশু নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেন। ভরতনাট্যমে বিশেষ দক্ষতা ছিল ওয়াহিদার। ১৯৫৭ সালে পয়সা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ষাট, সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে কাগজ কি ফুল (১৯৫৯), সাহেব বিবি অর গোলাম (১৯৬২), গাইড (১৯৬৫), নীল কমল (১৯৬৮) ও রাম অর শ্যাম (১৯৬৭)। গত সোমবার এ অভিনেত্রী ৮২ বছর বয়সে পা রেখেছেন।

 

সূত্র: ট্রিবিউনইন্ডিয়া