বহুল প্রশংসিত স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। মহান বিজয় দিবস স্মরণে নাটকটির বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তিপ্রত্যাশী এ নাটকের রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দীর মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিসিয়া-ইয়েমেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচকতা, বাংলাদেশের সাম্প্রতিক অমানবিক ঘটনাবলি এবং আরো নানা প্রসঙ্গ। ত্রিংশ শতাব্দী প্রযোজনায় বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কাজের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটন হয়েছে। প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।
ত্রিংশ শতাব্দী প্রযোজনার গ্রন্থিকরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ।
প্রসঙ্গত, শান্তির সপক্ষে তথা যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ২৩ বছর ধরে ‘হিরোশিমা দিবস’ পালন এবং নিয়মিতভাবে ত্রিংশ শতাব্দীর মঞ্চায়ন করে আসছে স্বপ্নদল। পাশাপাশি স্বাধীনতা ও বিজয়ের মাসে দুটি বিশেষ প্রদর্শনী করে দলটি। সে ধারাবাহিকতায় এদিন প্রযোজনাটির ১২৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।










