আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চায়ন হবে নিথর মাহবুবের (মূকাকু) একক মূকাভিনয়ের সন্ধ্যা রক্তে আগুন লেগেছে। মূকাভিনয় প্রযোজনাটি ১ ঘণ্টার বেশি সময়ের। যেখানে থাকছে নির্বাক ভাষায় সমাজ ও জীবনের গল্প।

মূকাভিনয়—শব্দহীন ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা। এ ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে, তারই অনন্য এক উপস্থাপন রক্তে আগুন লেগেছে।

এটি নিথর মাহবুবের একক মূকাভিনয় সন্ধ্যা। লেখা, নির্দেশনা ও অভিনয় সবই তার নিজের। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য।

এ মাইম শোয়ের শিরোনামের গল্প গড়ে উঠেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে। একটি সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা—এ আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তার নিজস্ব ভাষায়, নির্বাকের ভাষায়। এ সন্ধ্যায় আরো পরিবেশিত হবে তার কিছু জনপ্রিয় ও নতুন খণ্ড মূকাভিনয়। প্রতিটি পরিবেশনা একটি গল্প, একটি প্রতিবাদ, একটি সমাজচিত্র—যা বলবে অবহেলিতদের কথা, অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।

এ পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। নিথর মাহবুব ও মাইম আর্টের পক্ষ থেকে এ শো যেন তাদের প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ্য।

সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে থাকছেন লেমন, টুটুল, রিপন, অনিক, রবিন, ব্যাপ্তি আলমগীর প্রমুখ।