সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। এ দুজন এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে গান করতে গত ২০ জুন রওয়ানা হন। এরই মধ্যে লিজা-মৌসুমী গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন। আজ তারা সুইজারল্যান্ডের জুরিখে সংগীত পরিবেশন করবেন। এরপর আগামীকাল ইতালি ও এরপর সর্বশেষ ১৩ জুলাই স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের গান শোনাবেন। লিজার সঙ্গে তার স্বামী সবুজ ও একমাত্র কন্যা ইয়াশাও আছেন। আয়েশা মৌসুমী টিমের সঙ্গেই আছেন। তিনি জানান, ইউরোপ সফরে এবারই তার যাত্রা প্রথম। যে কারণে তিনি ভীষণ উচ্ছ্বসিত। গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি নিজের মতো করে টিমের সঙ্গে থেকেই বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে মা হওয়ার পর দেশের বাইরে এবারই প্রথম স্টেজ শোয় সংগীত পরিবেশন করছেন লিজা। পরম সৌভাগ্য লিজারও। কারণ ইউরোপ সফরে তার সঙ্গে তার স্বামী ও কন্যা আছেন। এমন সৌভাগ্য সবার ক্ষেত্রেও হয়ে ওঠে না। যে কারণে ইউরোপ সফরটিকে তিনি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় সফর হিসেবেও বিবেচনা করছেন। তবে পারফরম্যান্সের বিষয়টি ভীষণ মনোযোগ দিয়েই দেখছেন লিজা। কারণ তিনি তার পেশাগত দায়িত্বের কথা মাথায় রেখেই সেখানে স্বামী-সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। লিজা বলেন, ‘আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রতিটি শোয়ে সর্বোচ্চ সম্মান দিয়েই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উপস্থাপন করছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়াসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেশ ভালোভাবেই দেয়ার চেষ্টা করছেন। তাদের আন্তরিক সহযোগিতায় আমরা সত্যিই ভীষণ খুশি। আমি তো মনে করি, এ ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সফর হয়ে থাকবে। কারণ আমার একমাত্র আদরের কন্যা আমার পৃথিবী আমার ইয়াশা আমার সঙ্গে আছে।
ইউরোপের বিভিন্ন দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা-মৌসুমী
সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী।










