ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) সেরা অভিনেতার অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন জোকারখ্যাত জোকিন ফিনিক্স। লন্ডনে এ পুরস্কার নিয়ে আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। কিন্তু নিজের বক্তব্যে বাফটা কর্তৃপক্ষকে সমালোচনাও করেছেন জোকিন। তিনি বলেছেন, এ অ্যাওয়ার্ডস ব্যবস্থাটা এমন যে, এখানে একটা বার্তা দেয়া হয় যে, অশ্বেতাঙ্গরা এখানে কাঙ্ক্ষিত নন। কয়েক মিনিট পিনপতন নিস্তব্ধতার মধ্যে জোকিন কথাগুলো বলেন।
লন্ডনের রয়াল অ্যালবার্ট হলে বাফটা পুরস্কার নিতে গিয়ে জোকিন ফিনিক্স বলেন, ‘বাফটা
আমার ক্যারিয়ারে সবসময় সহযোগিতা করেছে। কিন্তু আমাকে এটাও বলতে হবে— আমি অস্বস্তি বোধ করি, যখন দেখি যে আমার কোনো সহকর্মী যোগ্যতা থাকা সত্ত্বেও আমার মতো সুযোগ পাচ্ছেন না। আমার মনে হয়, আমরা একটা স্পষ্ট বার্তা দিই যে অশ্বেতাঙ্গরা এখানে স্বাগত নয়।’ বাফটার পাশাপাশি নিজেকেও সমালোচনা করেছেন জোকিন, বলেছেন, ‘আমিও
লজ্জিত, কারণ এ সমস্যার আমিও একটা অংশ। আমি যে সেটে কাজ করি, সেখানে সবকিছু যেন অন্তর্ভুক্তিমূলক হয়, তেমনটা নিশ্চিত করতে আমি আমার ক্ষমতা অনুযায়ী সবকিছু করিনি।’
উল্লেখ্য, ব্রিটেনের চলচ্চিত্র পুরস্কারে বর্ণবাদী ধারণার আধিপত্য নিয়ে সমালোচনা আছে অনেক দিন থেকেই। এবার তাতে নতুন উত্তাপ ছড়ালেন এবারের অস্কার আসরের অন্যতম দাবিদার জোকিন ফিনিক্স।
সূত্র: হাফিংটন পোস্ট










