গত বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া ওই পোস্টে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই, আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে।’ সঙ্গে অভিনেত্রী ক্যারিয়ারের শুরুর দিকের একটি ছবিও যুক্ত করেন।

পোস্টের শুরুতেই অপু বিশ্বাস ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আজ এ দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। এ ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চিনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’

ভক্তদের আচরণ নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেন এ অভিনেত্রী। তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং শিক্ষা, রুচি ও মার্জিত আচরণে অনন্য। ‘অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য ও শিষ্টাচারের এক সুন্দর মেলবন্ধন’, এমন মন্তব্য করে তিনি ভক্তদের প্রতি গর্ব প্রকাশ করেন।

একই সঙ্গে ভক্তদের সতর্ক করে তিনি বলেন, ‘কেউ যেন অহেতুক তর্ক-বিতর্ক, কাদা ছোড়াছুড়ি বা নেতিবাচক আলোচনায় না জড়ায়। যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে গুরুত্ব পেতে চায়।’ ভক্তদের তিনি অনুরোধ করেন নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, যেন তারা এমন পরিস্থিতি এড়িয়ে চলেন।

নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, তার পরিবার তার অহংকারের জায়গা। প্রয়োজন অনুযায়ী তিনি নিজেই পরিবারকে সবার সামনে এনেছেন। তাই নতুন করে কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তার সন্তান আব্রাহাম খান জয়কে ভালোবাসা ও স্নেহে আগলে রাখার আহ্বান জানান ভক্তদের প্রতি।