মার্ভেলের নতুন মিনি সিরিজ ‘আয়রনহার্ট’। গত ২৪ জুন শুরু হয়ে এর শেষ পর্ব মুক্তি পেয়েছে মঙ্গলবার। এতে আছে একটি টুইস্ট। সিরিজের শেষে মেফিস্টোকে আনা হয়েছে। আয়রনহার্টের ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করছেন কবে মেফিস্টোকে দেখা যাবে। এবার মেফিস্টোকে আনা হলো। তবে সিরিজের নির্মাতা চিনাকা হজ জানান, সিরিজের এ সিজনে ফেফিস্টোকে আনার পরিকল্পনা তার একার ছিল না।
ইডব্লিউর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা একটা দারুণ প্রশ্ন যে চরিত্রটা রাখার চিন্তা বা সিদ্ধান্ত কেমন করে এল। উত্তর দিতে পারলে ভালো হতো। তবে সত্যি বলতে সিদ্ধান্তটা আমার একার ছিল না। মার্ভেলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এভাবেই সাজাতে। আমি জানি না এরপর শাশা চরিত্রটির পরিণতি কী হবে। তবে আমি চাইব তাকে যেন স্ক্রিনে আরো দেখা যায়।’
মেফিস্টো এ সিরিজের অন্যতম শক্তিশালী খল চরিত্র। এতে অভিনয় করছেন সাকা ব্যারন কোহেন। এ সিরিজের শেষটা ক্লিফ হ্যাঙ্গারে রাখা হয়েছে, যেখানে দেখানো হয় রিরি এক রকম বাধ্য হচ্ছে মেফিস্টোর সঙ্গে আপস করতে।
হজ বলেন, ‘আমি রিরির নেয়া সিদ্ধান্তে ততটাই বিস্মিত হয়েছি, যতটা হয়েছেন দর্শক। বিষয়টা মজার। আসলে যেটা অনুমানের বাইরে সেটা দেখতে এক রকমের মজা আছে। এক্ষেত্রে সেটাই হয়েছে। রিরির সিদ্ধান্ত নিয়ে দর্শককে ভাবতে হবে।’
রিরি চরিত্রে অভিনয় করছেন ডমিনিক থর্ন। তাকে এ চরিত্রে দেখে আসছেন দর্শক। সাকা ব্যারনকেও মেফিস্টো চরিত্রে দর্শক পছন্দ করবেন বলেই মনে হয়। এখন দেখার বিষয় তার চরিত্রটি কতদূর নিয়ে যায় মার্ভেল।
সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি










