নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। তারা একসঙ্গে অভিনয় করবেন টেনশন নাটকে। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক নিয়াজ মাহবুব জানান, ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগিরই প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প, একেবারেই অন্যরকম একটি গল্প। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। এর গল্প এমন যে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া। যার জন্য তার নিজের কোনো দায় নেই। কিন্তু সে দায় তার নিজের ঘাড়ের ওপর এসে পড়ে। সে দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। প্রতিটি কাজই দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। অর্ষার সঙ্গে কাজটিও খুব ভালো হয়েছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা।’
অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে খায়েশ, বনলতার প্যারা, সেই রকম চা খোর, স্বপ্ন বিভ্রাট, ঘুম’সহ আরো বেশকিছু নাটকে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে সবসময়ই কিছু না কিছু শেখা যায়। তার সঙ্গে কাজ করাটা সবসময়ই আমার কাছে আরো বেশি ভালো লাগার। টেনশন গল্পটা ব্যতিক্রম, ভালো লেগেছে।’










