মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রয়ে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। ভারতেই ৭ লাখ ৩০ হাজারেরও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এ থেকে আয় করেছে ১৯ কোটিরও বেশি রুপি। মুক্তির আগেই পুরো সিনেমা প্রকাশ হয়ে যাওয়ার পরও দর্শকের এমন আগ্রহের বিষয়টি কৌতূহল তৈরি করে। কেন এখনো সিনেমাটি নিয়ে দর্শকের এত আগ্রহ।
গত ৯ জানুয়ারি পঙ্গল উৎসব সামনে রেখে মুক্তির পরিকল্পনা ছিল জননায়কের। কিন্তু ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ এটি আটকে রেখেছিল। সিনেমাটির বেশকিছু জায়গায় বিভিন্ন সংলাপ এবং সহিংস দৃশ্যের পরিবর্তন ও পরিমার্জনের নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি। প্রযোজনা প্রতিষ্ঠান সে নির্দেশমতো পরিমার্জন করে সংশোধিত সংস্করণটি পুনরায় জমা দিলে দীর্ঘদিন এটি নিয়ে সেন্সর বোর্ড কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে বিজয় ভক্তদের অপেক্ষার প্রহর কেবলই দীর্ঘ হয়েছে। এর মধ্যেই সিনেমাটি ফাঁস হয়ে যায়। বিভিন্ন মাধ্যমে সে ফাঁস হওয়া এইচডি সংস্করণ দেখেছিল প্রায় ১ কোটি ২০ লাখ দর্শক।
এত কিছুর পরও কীভাবে দর্শকের এত আগ্রহ ধরে রাখল ‘জননায়ক’?
এটিকে বিজয়ের অন্যান্য চলচ্চিত্রের মতো ভাবলে ভুল হবে। কেননা এ সিনেমার অনন্য এক বৈশিষ্ট্য হলো মুখ্যমন্ত্রী হওয়ার পর বিজয় ঘোষণা দিয়েছেন ‘জননায়ক’ই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেতার বড় পর্দা থেকে এমন বিদায়ের সাক্ষী হওয়াটা এখন ভক্তদের কাছে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়েছে, যা তাদের চুম্বকের মতো টেনে আনছে শেষবারের মতো প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখতে।
প্রযোজক কে ভেঙ্কটা নারায়ণ নিশ্চিত করেন, সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া নতুন সংস্করণটি ফাঁস হওয়া সংস্করণের মতো নয়। এতে নতুন গান, পরিবর্তিত দৃশ্য এবং সেন্সর-সংক্রান্ত বেশকিছু সংশোধন যুক্ত হয়েছে। তাই যারা আগে লিক হওয়া সংস্করণটি দেখেছেন তারাও সিনেমা হলে গেলে নতুন অভিজ্ঞতা পাবেন।
সব শ্রেণী-পেশার মানুষকে আকর্ষণ করার জন্য টিকিটের মূল্যমান নির্ধারণে অভিনেতা এক অনন্য কৌশল অবলম্বন করেছেন। যেখানে তামিলনাড়ুতে টিকিটের সর্বোচ্চ মূল্য ১৯০ ও সর্বনিম্ন ৫৪ রুপি, সেখানে বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের টিকিট আড়াই হাজার রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া কট্টর বিজয় ভক্তদের অনেকেই স্বেচ্ছায় পাইরেটেড সংস্করণটি দেখা থেকে নিজেদের নিবারণ করেছেন। বিভিন্ন ফ্যান ক্লাব সবাইকে অনুরোধ করেছিল যেন কেউ পাইরেটেড কপিটি না দেখে এবং সিনেমা হলে গিয়ে বড় পর্দায় প্রথমবার ছবিটি উপভোগ করে। বিজয়ের প্রতি তাদের এ ভালোবাসা এবং চলচ্চিত্রের প্রতি নিখাদ নিবেদনই টিকিট বিক্রিতে বড় ভূমিকা রেখেছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










