এপ্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লুইপা। বছরজুড়েই বিভিন্ন স্টেজ শোতে গান করেন। স্টেজ শোতে লুইপা নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি দর্শকের অনুরোধ রাখার চেষ্টা করেন। লুইপার কণ্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে। তবে সিনেমায় তার গানের সংখ্যা একেবারেই কম। খুবই কম সুযোগ পেয়েছেন তিনি সিনেমার গানে। সেরা কণ্ঠখ্যাত বগুড়ার মেয়ে লুইপা প্রথম সিনেমায় গান করেন রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরীর সুর করা ‘ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম’ গানটি। গানটি এখন পর্যন্ত ‘লাইভ টেক’ ইউটিউব চ্যানেলে ৪৬ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

সিনেমায় লুইপার দ্বিতীয় গান সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। নতুন করে সংগীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটিতে লুইপার সহশিল্পী ইমরান মাহমুদুল। ‘এসবি মুভি সংস’-এ গানটি এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করেছেন এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেলের লেখা ও সুর করা ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিই এ সিনেমার টাইটেল সং। এবারই প্রথম লুইপা কোনো সিনেমার টাইটেল সং গাইলেন।

এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে লুইপার সহশিল্পী এসডি রুবেল। লুইপা বলেন, ‘আমার প্রথম প্লে-ব্যাক ধীরে ধীরের জন্য অনেক সাড়া পাই। বলা যায়, গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমায় প্লে-ব্যাক করার। আমার বিশ্বাস সিনেমায় আরো গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা-দর্শককে ভালো গান উপহার দিতে পারব।’