স্টকহোম আর্ট গ্যালারি থেকে গত বৃহস্পতিবার ভোরে বিশ্বখ্যাত সুররিয়ালিস্ট শিল্পী সালভাদর দালির কিছু গুরুত্বপূর্ণ শিল্পকর্ম চুরি হয়েছে। চুরির এ ঘটনাটিকে ‘ব্যাপক ধ্বংসাত্মক’ বলে অভিহিত করা হচ্ছে। কয়েক মাস ধরে নিয়মিত শিল্পকর্ম চুরির ঘটনা ঘটছে। এর সর্বশেষ সংযোজন সুররিয়ালিস্ট শিল্পী সালভাদর দালির এসব শিল্পকর্ম।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সপ্তাহে রাজধানীর জেলা শহর ওস্তারমাল্মে অবস্থিত কুল্যা গ্যালারিতে এ শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়েছিল। চুরি হয়ে যাওয়া ১২ থেকে ১৫ ইঞ্চি উচ্চতার ব্রোঞ্জের একটি ভাস্কর্য ও কিছু নখরসহ প্রায় ১২টি শিল্পকর্ম এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছিল। দালির এসব শিল্পকর্ম সুইজারল্যান্ড থেকে গ্যালারি কর্তৃপক্ষ ধার হিসেবে এনেছিল। কুল্যা গ্যালারির স্বত্বাধিকারী পিডার এনস্ট্রম সংবাদমাধ্যম টিটির মুখোমুখি হয়ে চুরির ঘটনাটি নিয়ে বলেছেন, ‘এটা ভয়ংকর, আমি বিধ্বস্ত।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন চুরি হয়ে যাওয়া এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে ব্রোঞ্জের মূর্তি ও নখর; যেগুলোর আনুমানিক মূল্য ৪৭ হাজার থেকে ৫২ হাজার ডলার।

এদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চুরির এ ঘটনার সঙ্গে কমপক্ষে দুজন চোর জড়িত এবং তারা ঘটনাটি ঘটিয়েছে ভোর ৪টার দিকে। এ সময় গ্যালারির সতর্কঘড়ি শব্দও করেছিল। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু ততক্ষণে চোররা পালিয়ে যায়। কাচের দরজা ভেঙে তারা গ্যালারিতে প্রবেশ করে এবং দ্রুত উল্লিখিত জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপকতর তদন্তের স্বার্থে ঘটনাস্থল এ মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন অব্দি চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা। 

এর আগে সানফ্রান্সিসকো গ্যালারি থেকে সালভাদর দালির শিল্পকর্ম চুরি হয়েছিল। গত বছরের অক্টোবরে এক ব্যক্তি ডেনিস রায়ি ফাইন আর্টের মধ্যে প্রবেশ করে ১৯৬০-এর দশকে সুররিয়ালিস্ট এ শিল্পীর আঁকা ‘দ্য জিরাফ অন ফায়ার’ শিরোনামের একটি শিল্পকর্ম নিয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল একদম দিনে দুপুরে। এখনো চুরি হয়ে যাওয়া সেই শিল্পকর্মটি উদ্ধার করা সম্ভব হয়নি।

অন্যদিকে আর্ট ক্রিটিক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একের পর এক শিল্পকর্ম চুরির ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন শিল্পানুরাগীরা। তাদের ভাষ্য, এ রকম ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে মাদক ও অস্ত্রের মতোই বিরাট এক বাণিজ্য গড়ে উঠবে শিল্পকর্মকে ঘিরে। অবশ্য তারা এও আশা প্রকাশ করেছেন, দালির মতো বিশ্বখ্যাত শিল্পীর চুরি হয়ে যাওয়া শিল্পকর্ম দ্রুত উদ্ধার করতে সক্ষম হবেন সংশ্লিষ্টরা এবং এর মধ্য দিয়ে এ রকম দুঃসাহসিক ও অনৈতিক প্রবণতা রোধ হবে।

 

সূত্র: ডয়েচে ভেলে, গার্ডিয়ান ও আর্ট ক্রিটিক