দীর্ঘ বিরতি শেষে আবারো অভিনয়ের জগতে ফিরছেন পড়শী রুমী। তবে এবার তার চোখে অন্য রকম এক স্বপ্ন—রুপালি পর্দায় নিজেকে খুঁজে পাওয়া।
সিলেটের মেয়ে পড়শী রুমী মিডিয়ায় যাত্রা করেছিলেন পূর্ণকালীন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। নিজের অভিনয়ের প্রতি আন্তরিক ভালোবাসা ও আত্মবিশ্বাস তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তা ও আলোচনায়। কিন্তু পারিবারিক কিছু কারণে অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান। এখন সে বিরতির সময় পেরিয়ে আবারো ফিরতে প্রস্তুত তিনি।
এ মুহূর্তে বেশ কয়েকজন নাট্যনির্মাতার সঙ্গে যোগাযোগ হয়েছে তার। নাটকে ফেরার প্রস্তুতি যখন প্রায় সম্পূর্ণ, তখনই মনের গহিন থেকে মাথা তুলেছে আরো বড় স্বপ্ন—একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার।
রুমী বলেন, ‘অনেক নাটকে কাজ করেছি, মিউজিক ভিডিওতে মডেল হয়েছি, বিজ্ঞাপনেও কাজ করেছি। কিন্তু সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি। এখন খুব ইচ্ছে করছে একটি ভালো গল্পের সিনেমায় অভিনয়ের। চরিত্রটি ছোট হলেও চলবে, কিন্তু সেটি যেন গল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়। আমি মন দিয়ে কাজ করতে চাই।’ পড়শী রুমী এর আগে অংশ নিয়েছিলেন এটিএন বাংলার ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আইয়ের ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায়। উভয় রিয়েলিটি শোয়ই ভালো অবস্থানে ছিলেন তিনি, যা নির্মাতাদের নজরে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তার অভিনীত প্রথম নাটক ছিল মান্নান শফিক পরিচালিত ‘এক বিন্দু জল’। এরপর তিনি মুশফিকুর রহমান গুলঝারের ‘জোনাকি জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্মসাৎ’সহ আরো অনেক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’ গানে সাব্বির আহমেদের বিপরীতে অভিনয় করে বেশ সাড়া ফেলেন। এখন শুধু অপেক্ষা সিনেমার পর্দায় পা রাখার।










