আজ থেকে প্রায় ১০ বছর আগে ‘দ্য হিরো’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আজম খান। যে দিনে তিনি অভিনয়ে নাম লেখান, সেদিনই মাকে হারিয়েছিলেন এ অভিনেতা। কাজের প্রতি নিষ্ঠা আর সততায় একের পর এক নাটকে অভিনয় করে গেছেন, সেই সঙ্গে পেয়েছেন দর্শকপ্রিয়তা।
নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনকার প্রজন্মের অনেক তারকার বাবার চরিত্রে পর্দায় অভিনয় করেছেন আজম খান।
দেখতে দেখতে তার অভিনয় ক্যারিয়ারের এক দশক পার হয়ে গেল। মডেলিংয়ের বাইরে এখন অসংখ্য ব্র্যান্ডের মডেল, একক ও ধারাবাহিক নাটক এবং বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। অভিনয়ের এক দশক পূর্তিতে গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে তার বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মীদের নিয়ে একটি পুনর্মিলনীর আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত সবার উদ্দেশে তার অভিনয় ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণা করেন। উপস্থিত সহকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘শুরু করেছিলাম ২০১৫ সালের ৩ জুলাই। প্রথম কাজ হিসেবে এটা আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু একই দিনে আমি আমার মাকে হারাই। এরপর ২০১৬ সালে চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করি। এভাবেই শুরু। এরপর বিভিন্ন ধারাবাহিক ও সিরিয়ালে কাজ করি। এভাবেই অনেকটা সময় পার হয়ে অভিনয় জীবনের ১০ বছর হয়ে গেল।’
চোখের পলকেই যেন ১০টা বছর কেটে গেল। এখনো মনে হয়, এই তো সেদিন কাজ শুরু করেছিলাম। আজম খান এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন বিটিভির ধারাবাহিক ‘জল জোছনা’, বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক ‘ভাল্লাগে না’ নাটক নিয়ে। সম্প্রতি শেষ করেছেন কয়েকটি বিজ্ঞাপনের কাজও। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা ‘ময়নার চর’ ও ‘ডোডোর গল্প’।










