অসমীয়া গায়ক জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি। তার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় সমুদ্রে ডুবে এ প্রখ্যাত গায়কের মৃত্যু হলেও তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ এখনো কোনো অপরাধমূলক ষড়যন্ত্রকে পুরোপুরি উড়িয়ে দেয়নি। এদিকে এ মৃত্যুর তদন্তের জন্য ভারতে গঠিত হয়েছে একটি বিশেষ তদন্ত দল। এদিকে তার দলের এক সদস্য বলছেন, জুবিনকে বিষপ্রয়োগ করা হয়েছে।

গার্গের মৃত্যুর কয়েক দিন পরই তা নিয়ে এই দাবি করেন তার ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী। তিনি অভিযোগ করেন যে গর্গের ম্যানেজার ও অনুষ্ঠান আয়োজক তাকে বিষ খাইয়েছিলেন।

‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র অধীনে রেকর্ডকৃত সাক্ষ্যে গোস্বামী দাবি করেছেন, গার্গের মৃত্যুর আগে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে তার সঙ্গে থাকা ম্যানেজার সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক।

জানা গেছে, জুবিন একটি ইয়ট ভ্রমণে বের হয়েছিলেন গোস্বামী ও শ্যামকানু মহন্তর সঙ্গে। সাঁতার কাটার সময় গার্গ যখন শ্বাসকষ্টে ভুগছিলেন, তখন শর্মা চিৎকার করে বলেন, ‘যাবো দে, যাবো দে’ যার অর্থ, তাকে যেতে দাও।

গোস্বামী জানান, সিদ্ধার্থ শর্মা ইয়টের নাবিকের অনুমতি ছাড়াই ইয়টের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এতে তিনি ইয়টে থাকা সব যাত্রীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে অবস্থিত অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে কোনো পানীয়র ব্যবস্থা না করতে বলেন। দাবি করেন যে তিনিই সব ব্যবস্থা করবেন।

সূত্র: ইয়ন