ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭-হয়ে শোবিজে যাত্রা শুরু করেন তাহমিনা অথৈ। একই প্রতিযোগিতায় এশিয়ায় ‘মিস ম্যাসেনেট নিউজ অ্যাওয়ার্ড’-এও ভূষিত হয়েছিলেন এ অভিনেত্রী। প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে সানজিদা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তী সময়ে আরো বেশকিছু সিনেমায় কাজ করেছিলেন। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে প্রকাশিত ওয়েব সিরিজ ‘ফেউ’তে সিস্টার সুনিতা রোজারিও চরিত্রে অভিনয় করে আবারো দর্শক প্রশংসায় ভাসছেন। সানজিদা থেকে সুনিতা দুটি চরিত্রে তিনি দর্শকের মধ্যে তার অভিনয় দিয়ে মুগ্ধতার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। অনেক দর্শক প্রবল আগ্রহ নিয়ে তার অভিনীত ফেউ দেখেছেন। কালবেলার সানজিদা থেকে ফেউয়ের সুনিতা যেন অভিনয়ে আরো পরিণত। এ সিনেমার চেয়েও যেন ফেউয়ে বেশি সাড়া পাচ্ছেন অথৈ। তিনি জানান, ফেউয়ের পরবর্তী সিজনও আসবে।

এদিকে আজ তাহমিনা অথৈর জন্মদিন। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে এ অভিনেত্রী জানান, রাজধানীর বনশ্রীতে নিজেদের বাসায় পরিবারের সঙ্গেই সময় কাটবে তার। তিনি বলেন, ‘প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল ভাইয়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব, তিনি আমাকে কালবেলা সিনেমায় সানজিদা চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন। এখনো অনেক দর্শক মাঝে মাঝে সানজিদা চরিত্রের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আবার ফেউ ওয়েব সিরিজের সুনিতা চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি এখনো। এখনো অনেকের সঙ্গে দেখা হলে কিংবা ম্যাসেঞ্জারে সুনিতা চরিত্রটি নিয়ে তাদের ভালো লাগার কথা বলেন। তো অভিনেত্রী হিসেবে এটাই আসলে আমার প্রাপ্তি, এটাই আমার তৃপ্তি। আমি খুব বেশি কাজ করিনি। কিন্তু যা করেছি, তাই যেন সিগনেচার হয়ে আছে। অনেক অনেক বেশি কাজ করতে চাইও না। ভালো গল্পের কাজ করতে চাই, যেন দর্শক মনে রাখে। জন্মদিনে সবার দোয়া চাই যেন আল্লাহ আমাকে ও আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন।’