জনপ্রিয় তরুণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রথমবারের মতো অভিনয় করলেন একটি নারীকেন্দ্রিক নাটকে। নাটকের নাম জয়িতার দিনরাত্রি। নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব। নির্মাণে রয়েছেন মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেন। আজ বেলা ৩টায় এনটিভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম নারীপ্রধান গল্পের নাটক। তুহিন ভাই অনেক দিন ধরেই চাইছিলেন, আমি যেন একটু আলাদা ধাঁচের চরিত্রে অভিনয় করি। এ স্ক্রিপ্ট ছিল সে রকমই—গভীর, চ্যালেঞ্জিং, সংবেদনশীল।’

জয়িতার দিনরাত্রি নাটকে বৃষ্টি শুধু একটি নয়, একাধিক স্তরের চরিত্রে নিজেকে ভেঙে ফুটিয়ে তুলেছেন। তার ভাষায়, ‘এ নাটকে কয়েকটি রূপে নিজেকে গড়তে হয়েছে। চরিত্রটা সহজ ছিল না, কিন্তু এমন চরিত্রেই অভিনয় করতে ভালো লাগে। সবটুকু মনোযোগ দিয়েই কাজটি করেছি।’

এ কাজ নিয়ে বৃষ্টির প্রত্যাশাও অনেক। তিনি বলেন, ‘আমি ও আমাদের পুরো টিম চেষ্টা করেছি, গল্পটা যেন সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছে যায়। দর্শকের ভালো লাগা, মুগ্ধতাই আমাদের পরিশ্রমের প্রাপ্তি। আশা করি, নাটকটি সবার মনে জায়গা করে নেবে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন এসআর নিহাদ ও সম্পাদনায় ছিলেন অমিতাভ মজুমদার।

উল্লেখ্য, এর আগে ‘চোখটা আমাকে দাও’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন তানিয়া বৃষ্টি। সে নাটকে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতিও পেয়েছিলেন। সে অভিজ্ঞতা থেকেই পরবর্তী কাজে তার দায়বদ্ধতা ও অভিনয়ের প্রতি নিষ্ঠা আরো বেড়ে গেছে।

সম্প্রতি তিনি শেষ করেছেন নাজমুল রনির ‘পার্সেল’ নামের একটি নাটক। এছাড়া অনন্য ইমন ও মহিন খানের পরিচালনায় আরো দুটি নাটকের কাজও শেষ করেছেন তিনি।