দীর্ঘ সময় জেমস বন্ডের সঙ্গে যুক্ত বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন। তারাই জেমস বন্ডের সিনেমার ভালোমন্দ বিষয়ে সিদ্ধান্ত নিতেন। কিন্তু সম্প্রতি তাদের সঙ্গে একটি চুক্তিতে এসেছে অ্যামাজন। এ চুক্তি অনুসারে, বন্ডের সৃজনশীল সব বিষয়ে সিদ্ধান্ত নেবে অ্যামাজন। এদিকে বন্ডের পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। তিনি বলছেন, ‘সিদ্ধান্ত যাদের হাতেই থাকুক না কেন, বারবারা ও মাইকেলের প্রতি তার শ্রদ্ধা থাকবে সবসময়।’
ভ্যারাইটির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে ক্রেইগ বলেন, ‘বারবারা ও মাইকেলের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা সবসময় একই রকম থাকবে। এর কোনো কমতি কখনো হবে না। আমি মাইকেলের অবসর নিয়ে ভেবেছি। আশা করি তিনি দীর্ঘ, আরামদায়ক একটা অবসর যাপন করবেন। বারবারা নতুন যে কাজই করুন না কেন, জানি সেখানে তিনি দারুণ কিছুই করবেন।’
সম্প্রতি জেমস বন্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে একটা চুক্তিতে এসেছে অ্যামাজন। মূলত বারবারা ও মাইকেলের সঙ্গে যুক্ত হয়েছে অ্যামাজন। বিষয়টা এমন নয় যে তারা জেমস বন্ডের স্বত্বই বিক্রি করে দিয়েছেন। বারবারা-মাইকেল, এমজিএম ও অ্যামাজন—তিন পক্ষই এখন বন্ড ফ্র্যাঞ্চাইজির পার্টনার। কিন্তু সৃজনশীল সিদ্ধান্ত অর্থাৎ সিনেমার ডিজাইন, চরিত্রের পোশাক-আশাক থেকে শুরু করে অনেক কিছুই নির্ধারণ করবে অ্যামাজন।
বারবারা ছিলেন জেমস বন্ডের প্রযোজক। অন্যদিকে মাইকেল উইলসন এর আগে প্রযোজনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন। ৮৭ বছর বয়স এখন তার। নিজের অবসর নিয়ে মাইকেল বলেছিলেন, ‘জেমস বন্ড নিয়ে আমার ক্যারিয়ার প্রায় ৬০ বছর দীর্ঘ। আমি শিল্প ও দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখার জন্য জেমস বন্ড প্রযোজনা করা থেকে সরে আসছি।’
এদিকে ব্রকলির বয়স এখন ৬৪ বছর। তিনি সিনেমার সঙ্গে হলিউডেই থাকবেন, কিন্তু বন্ড প্রযোজনা করবেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা কাবি ব্রকলি আমার ও মাইকেলের হাতে একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজি দিয়ে গিয়েছিলেন। এটা আমার জন্য সম্মানের বিষয়। দীর্ঘদিন কাজটা করেছি। অসাধারণ সব অভিনেতাদের সঙ্গে এ সিনেমার সূত্রে কাজ করেছি। তবে ‘‘নো টাইম টু ডাই’’ দিয়েই এ যাত্রা শেষ হচ্ছে। আমি এখন থেকে অন্য কোনো সিনেমা প্রযোজনায় নিজেকে যুক্ত করব।’
সূত্র: ভ্যারাইটি










