দেশের প্রেক্ষাগৃহে এসেছে দুটি নতুন সিনেমা, যা প্রচার ছাড়াই দেশের বিভিন্ন হলে মুক্তি পেয়েছে। সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ ছয়টি প্রেক্ষাগৃহে চলছে, আর নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমাটি ঢাকার লায়ন সিনেমাস ও উত্তরা ম্যাজিক মুভি থিয়েটার ছাড়াও ঢাকার বাইরে আরো চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একটি জন্মপরিচয়হীন শিশুর চারপাশে। কুড়িয়ে পাওয়া শিশুটি ‘পরী’ নামে একটি পরিবারে আশ্রয় পায়। সিনেমার গল্পে উঠে আসে পরীর বেড়ে ওঠা, প্রেম, সংসার, সংগ্রাম এবং জীবনের নানা বাঁক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। এছাড়া আছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ আরো অনেকে। পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘আমরা কোনো প্রতিযোগিতা চাই না, দর্শকদের শুধু একটি জীবনবোধের গল্প দিতে চাই।’

অন্যদিকে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ঢাকাসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রদর্শিত হচ্ছে পাঁচটি বড় মাল্টিপ্লেক্সে—ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স ও আনন্দ সিনেপ্লেক্স। ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল, শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবণী লাকি, আফফান মিতুল ও পরিচালক নিজে।

সিনেমার গল্প শুরু হয় কুয়াকাটার সমুদ্রপাড়ে বেড়াতে যাওয়া কয়েকজন ব্যাচেলরের ছুটি দিয়ে। বন্ধুত্ব, প্রেম ও রোমাঞ্চের সঙ্গে রহস্য ও বিপদের ছায়া এ ছবিকে নতুন মোড়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের আক্রমণ এবং বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়ে গল্প আরো উত্তেজনাপূর্ণ হয়। পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘দর্শকদের বিনোদনের পাশাপাশি আমরা ভ্রমণের আনন্দ দেখাতে চেয়েছি। সমুদ্র, পাহাড় এবং ব্যাচেলরদের বন্ধুত্বের গল্পে দর্শক ভিন্ন স্বাদ পাবেন।’