প্রতি মাসেই নতুন নতুন গল্প, চরিত্র ও চমক নিয়ে হাজির হয় নানা টিভি শো। চলতি এপ্রিলও তার ব্যতিক্রম নয়। নাটক, থ্রিলার, কমেডি থেকে শুরু করে পুরনো জনপ্রিয় সিরিজের প্রত্যাবর্তন, সব মিলিয়ে মাসটি সিরিজ-প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় বলা যায়। এপ্রিলে দেখার মতো পাঁচটি সেরা টিভি শো এখানে তুলে ধরা হলো, যেগুলো গল্প, অভিনয় ও নির্মাণে আলাদা করে নজর কাড়ছে।

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস

এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কুপার। চরিত্রে তিনি একদিকে ভদ্র ও আকর্ষণীয়, অন্যদিকে চুরির নেশায় আসক্ত। ধনী প্রতিবেশীদের বাড়িতে চুরি করা তার অভ্যাসে পরিণত হয়। টাকার জন্য নয়, বরং ঝুঁকির রোমাঞ্চই তাকে চুরি করতে উৎসাহ দেয়। নতুন চরিত্র হিসেবে এক রহস্যময় ধনী প্রতিবেশীর আগমন গল্পকে আরো জটিল করে তোলে। মানবমনের দ্বন্দ্ব, লোভ ও নৈতিকতার সূক্ষ্ম টানাপড়েন এ সিরিজকে আলাদা মাত্রা দিয়েছে। এতে অভিনয় করেছেন অ্যামেন্ডা পিট, অলিভিয়া মুনসহ আরো অনেকে। সিরিজটি গতকাল অ্যাপল টিভিতে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।

দ্য টেস্টামেন্ট

এটি বহুল আলোচিত ‘দ্য হ্যান্ডমেইডস টেইল’-এর পরবর্তী সিকুয়াল। এবারের অস্কার জয়ী সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর অভিনেত্রী চেজ ইনফিনিটি ‘দ্য টেস্টামেন্ট’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মার্গারেট অ্যাটউডের ২০১৯ সালের উপন্যাস অবলম্বনে এ সিরিজ নির্মাণ হয়। একনায়কতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভেতর বেড়ে ওঠা এক তরুণীর গল্প এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অতীতের ভয়াবহতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের প্রতিরোধ—সবকিছু মিলিয়ে সিরিজটি এক গভীর রাজনৈতিক ও মানবিক আখ্যান তৈরি করেছে। ক্ষমতা, নিপীড়ন ও প্রতিরোধের এ গল্প দর্শককে ভাবিয়ে তুলবে। এ চরিত্র নিয়ে ইনফিনিটি বলেন, ‘শুরুতে সবকিছু সুন্দর ও স্বাভাবিক মনে হয়। কিন্তু পরে হঠাৎ করেই বোঝা যায়, বাস্তবটা আসলে কঠিন ও ভয়ংকর।’ দ্য টেস্টামেন্ট যুক্তরাষ্ট্রের হুলু ও ডিজনি প্লাসে ৮ এপ্রিল মুক্তি পাবে।

বিগ মিসটেকস

12

বিগ মিসটেকস সিরিজ একেবারেই ভিন্ন ঘরানার। এটি একটি অপরাধভিত্তিক কমেডি, যেখানে এক সাধারণ পরিবারের হঠাৎ করে অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার গল্প দেখানো হয়েছে। ছোট একটি ভুল থেকে শুরু হয়ে কীভাবে বড় বিপদে জড়িয়ে পড়ে মানুষ, তা হাস্যরসের মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে। অদ্ভুত পরিস্থিতি, অপ্রত্যাশিত মোড় এবং বুদ্ধিদীপ্ত সংলাপ সিরিজটিকে উপভোগ্য করে তুলেছে। এটি নির্মাণ করেছেন ড্যান লেভি। অভিনয় করেছে তিনি নিজেও। সিরিজটির সহ লেখক রাসেল সিনট। এটি ৯ এপ্রিল নেটফ্লিস্কে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

দ্য মিনিয়েচার ওয়াইফ

দ্য মিনিয়েচার ওয়াইফ কল্পবিজ্ঞান ও কমেডির মিশেলে তৈরি সিরিজ। কাহিনীতে এক বিজ্ঞানীর আবিষ্কার তার নিজের জীবনেই বিপত্তি ডেকে আনে। দুর্ঘটনাবশত নিজের স্ত্রীকে ক্ষুদ্র আকারে পরিণত করার পর শুরু হয় তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার টানা সংগ্রাম। তবে এটি শুধু একটি মজার গল্প নয়, দাম্পত্য সম্পর্কের ক্ষমতার ভারসাম্য ও মানসিক দূরত্বও এখানে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন। তার স্ত্রী লিন্ডির চরিত্রে আছেন এলিজাবেথ ব্যাংকস। এটি যুক্তরাষ্ট্রের পিকক ও যুক্তরাজ্যে স্কাই আটলান্টিকে ৯ এপ্রিল মুক্তি পাবে।

মেলকম ইন দ্য মিডল: লাইফস স্টিল আনফেয়ার

পুরনো জনপ্রিয় টিভি সিরিজগুলো আবার নতুনভাবে ফিরিয়ে আনা হচ্ছে। এগুলো জনপ্রিয়ও হচ্ছে। এ ধারায়ই ফিরছে পারিবারিক সিটকম (সিচুয়েশনাল কমেডি) ‘মেলকম ইন দ্য মিডল’–এর নতুন সংস্করণ ‘লাইফস স্টিল আনফেয়ার’। সিরিজটিতে প্রায় সব পুরনো অভিনেতাই আবার একসঙ্গে হয়েছেন। গল্পের কেন্দ্রবিন্দু ম্যালকম, যে সবসময় একটু আলাদা ও ব্যতিক্রমী স্বভাবের। ফ্রাঙ্কি মুনিজ আবারো ম্যালকম চরিত্রে ফিরেছেন। ২০০০ সালে সিরিজটি শুরু হওয়ার সময় তার বয়স ছিল ১২ বছর, আর শোটি ছয় বছর ধরে চলেছিল। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার পর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকীতে সে আবার বাড়ি ফেরে, সঙ্গে নিয়ে আসে তার কিশোরী মেয়ে ও প্রেমিকাকে। সিরিজটিতে আবারো দেখা যাবে ব্রায়ান লি ক্র্যানস্টনকে, যিনি আগের মতোই অগোছালো ও হাস্যকর বাবা চরিত্রে ফিরছেন। ১০ এপ্রিল সিরিজটি যুক্তরাষ্ট্রে হুলু এবং যুক্তরাজ্যে ডিজনি প্লাসে মুক্তি পাবে।

এপ্রিলের এ পাঁচ সিরিজ ভিন্ন ভিন্ন ঘরানার হলেও প্রতিটিই নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। নতুন গল্প খুঁজছেন বা পুরনো চরিত্রের সঙ্গে আবার দেখা করতে চান, দুই ক্ষেত্রেই এ তালিকা হতে পারে দর্শকের জন্য উপভোগ্য। ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় বের করে এসব সিরিজে ডুবে গেলে বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাকও মিলবে নিঃসন্দেহে।

সূত্র ও ছবি: বিবিসি