নির্মাতা এসএ হক অলিক নির্মিত নতুন নাটক ‘জোনাকির আলো নেই’। নির্মাতা তার নিজ এলাকা জামালপুরের মনোরম লোকেশনে নাটকটি নির্মাণ করেছেন। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী ও তাসনুভা তিশা। নাটকে জোনাকি চরিত্রে অভিনয় করেছেন তিশা ও সুমন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। নাটকটি প্রসঙ্গে অলিক বলেন, ‘এটি মূলত একটি প্রেমের নাটক। সাদামাটা গল্প। কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। আলভী ও তিশাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

জাহের আলভী বলেন, ‘এ নাটকের গল্পটা প্রেমের। সহশিল্পী তিশার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তিশা সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। সামনে একসঙ্গে বেশকিছু কাজ করব।’

তাসনুভা তিশা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনা এককথায় দুর্দান্ত, চমৎকার, ভীষণ গোছানো। ছোটবেলায় যখন থেকেই তার নাটক বা সিনেমা দেখি, তখন থেকেই তার নামটির সঙ্গে বেশ পরিচিত। যেহেতু তিনি একজন সিনিয়র পরিচালক, তাই বুঝে উঠতে পারছিলাম না কাজটা কেমন হবে। কিন্তু অলিক ভাই আমাদের মন দিয়ে কাজটা করার সুযোগ করে দিয়েছেন।’