বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রির ২০২৫ সাল ছিল সাফল্য ও ব্যর্থতার বছর। বছরটিতে একাধিক তারকার জন্য সাফল্যের হলেও নতুন চ্যালেঞ্জ ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও এগিয়েছেন অনেক তারকা। অনেক শিল্পী একাধিক প্রজেক্টে যুক্ত ছিলেন, কেউ আবার দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিয়েছেন। ২০২৬ সালে নতুন বছরে সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়ে নতুনভাবে ফিরতে যাচ্ছেন অনেকে। নতুন বছরের ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন যারা, তাদের নিয়ে এ আয়োজন।
শাকিব খান
বেশ কয়েক বছর ধরেই ঢাকাই সিনেমায় একক আধিপত্য বজায় রেখেছেন নায়ক শাকিব খান। গত কয়েক বছর দর্শক ও ব্যবসার দিক থেকে শীর্ষে অবস্থান করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে এবং দর্শক-সমালোচকের মন জয় করে। এছাড়া ‘অন্তরাত্মা’ সিনেমাটিও মুক্তি পেয়ে দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
নতুন বছরে শাকিবের হাতে রয়েছে কয়েকটি বড় প্রজেক্ট। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘সোলজার’। এটি শাকিব ফাহাদ পরিচালিত, দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত। শাকিবের সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ পর্যায়ে।
অন্য একটি আলোচিত সিনেমা হলো ‘প্রিন্স’, যা আবু হায়াত মাহমুদ পরিচালিত। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা এবং এটি ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে। ঈদুল ফিতরে এ সিনেমার মুক্তির সম্ভাবনা রয়েছে।
এছাড়া এ বছর শাকিব শুধু অ্যাকশন নয়, রোমান্টিক চরিত্রেও নতুন রূপে দেখা দেবেন বলে শোনা যাচ্ছে।
আফরান নিশো
আরফান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’ মুক্তি পায় গত বছর। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দর্শক সাড়া ফেলে এবং বিদেশেও ভালো প্রতিক্রিয়া পায়। গত বছর মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’-এ তার ক্যামিও চরিত্রও দর্শকের নজর কাড়ে। ওয়েব সিরিজ ‘আকা’-তেও অভিনয় করে দর্শক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করেন নিশো।
নতুন বছরে তার প্রধান প্রজেক্ট হলো ‘দম’। এতে নিশোকে আগের চেয়ে ভিন্ন চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। এতে চঞ্চল চৌধুরী, পূজা চেরী ও আরো অনেকে অভিনয় করছেন। সিনেমাটির শুটিং এরই মধ্যে পুরোদমে এগিয়ে চলছে।
সিয়াম আহমেদ
‘জংলি’ সিনেমার মাধ্যমে ২০২৫ সালে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সিনেমাটি দেশ ও বিদেশে সমানভাবে সাড়া ফেলে। শাকিব ও নিশোর পাশাপাশি এ সিনেমায় তার অভিনীত চরিত্রও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
২০২৬ সালেও নতুন রূপে হাজির হতে চলেছেন সিয়াম। ‘রাক্ষস’-এ দর্শক তাকে একেবারে নতুন রূপে দেখবেন। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয় ও প্রযোজনা করছেন শাহরিন সুমি। সিনেমার গল্প ভালোবাসা ও হিংসার সীমা নিয়ে, যেখানে একজন মানুষ কতটা ভায়োলেন্ট হতে পারে তা ফুটে উঠবে। সিয়ামের বিপরীতে রয়েছেন ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি। ফার্স্ট লুক এরই মধ্যে প্রকাশ হয়েছে, যা দর্শকের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তৈরি করেছে।
বিদ্যা সিনহা মিম
বিরতির পর নতুন বছরে নতুন কাজ নিয়ে ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৬-এ তিনি ওটিটি প্লাটফর্ম ‘চরকি’-তে একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাকে দেখা যাবে তার পরিচিত গ্ল্যামার ইমেজের বাইরে এক ভিন্ন ধরনের চরিত্রে। ফিল্মটি নির্মাণ করছেন কাজী আসাদ। মিম জানিয়েছেন, ২০২৬ সালে তার আরো নতুন কাজের ঘোষণা আসবে। দীর্ঘ বিরতির পর তার এ নতুন ফিল্ম দর্শক আগ্রহ ও প্রত্যাশাকে আরো বাড়িয়েছে।
অপু বিশ্বাস
দুই বছর পর সিনেমায় ফেরত আসছেন অপু বিশ্বাস। গত বছর ধীরে ধীরে সিনেমায় ফেরার প্রস্তুতি নেন তিনি। নতুন বছরে তার হাতে রয়েছে একাধিক সিনেমা, যেখানে তাকে আগের চেয়ে ভিন্ন চরিত্রে দেখা যাবে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি গল্পনির্ভর কাজেও তাকে দর্শক দেখতে পাবে।
কামরুল হাসান ফুয়াদ পরিচালিত থ্রিলার ‘দুর্বার’-এর মাধ্যমে ফিরছেন অপু। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপুকে রোমহর্ষক রক্তাক্ত গেটআপে দেখা গেছে। সিনেমায় তার বিপরীতে রয়েছেন সজল।
মোশাররফ করিম
গত বছরে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘চক্কর ৩০২’ ও ‘ডিমলাইট’ কনটেন্টগুলো দর্শকের নজর কাড়ে। এছাড়া ইনসাফ সিনেমায় তার চরিত্রও আলোচিত হয়। ২০২৬ সালে তাকে ‘বনলতা এক্সপ্রেস’-এ দেখা যাবে। এছাড়া এ বছর আরো কিছু সিনেমা ও ওয়েবে বেশকিছু তারকাকে দেখা যাবে।










