পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি তার পরিচালনায় নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। সিনেমার নাম এখনই সময়। এটি তার পরিচালনায় দ্বিতীয় সিনেমা। নতুন সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রোজিনা। সিনেমাটির গল্প লিখছেন চিত্রনাট্যকার ছটকু আহমেদ।

২০২৩ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়। নতুন সিনেমা নির্মাণ সম্পর্কে রোজিনা বলেন, ‘এখনই সময় মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এ সময়েরই গল্প। গল্পের প্রয়োজনে থাকবে প্রেম-প্রীতি-ভালোবাসা, থাকবে আরো নানা কিছু। সত্যি বলতে কি, সিনেমা জীবনেরই প্রতিচ্ছবি।’

চিত্রনাট্য নিয়ে রোজিনা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনীকার। তার ওপর আমার আস্থা আছে বলেই তাকে গল্প রচনা করতে দিয়েছি। আগের সিনেমার চেয়ে আমার এ সিনেমার গল্প অনেক বেশি সুন্দর। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেহেতু বাজেট একটি বিষয়, তাই এখন বাজেট নিয়েই ভাবছি।’ সবকিছু ঠিক থাকলে চলতি বছরই এখনই সময়ের শুটিং শুরু করবেন বলে জানান তিনি। সিনেমায় কে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে গতকাল ছিল রোজিনার জন্মদিন। দিনটি নিয়ে তিনি বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টা বাজলে পরিবারের সবাই কেক কাটি একসঙ্গে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আরো সুন্দর সুন্দর গল্পের সিনেমা যেন দর্শককে উপহার দিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, রোজিনা ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজমহল’-এর সাফল্য তাকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে মতিন রহমানের ‘জীবনধারা’ ও কবীর আনোয়ারের ‘দিনকাল’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে চলা রোজিনা এবার নির্মাতা হিসেবে আরো শক্তভাবে দাঁড়াতে চান। এখনই সময় তার সে প্রচেষ্টারই আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে জীবনের গল্পই হয়ে উঠবে বড় পর্দার প্রধান আকর্ষণ।