জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক আলাদা হয়ে গেছেন। কিন্তু তারা একে অন্যের পেশাগত প্রয়াসকে এখনো সমর্থন করে যাচ্ছেন। এ প্রাক্তন দম্পতি সম্প্রতি আবার একসঙ্গে হাজির হয়েছিলেন আসন্ন ‘মিউজিক্যাল কিস অব দ্য স্পাইডার উইম্যান’-এর প্রিমিয়ারে। প্রিমিয়ার সোমবার রাতে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। সিনেমার নির্বাহী প্রযোজক বেন অ্যাফ্লেক।
অ্যাফ্লেক ও তার বন্ধু ম্যাট ড্যামনের প্রযোজনা সংস্থা আর্টিস্ট ইকুইটি থেকে আসছে সিনেমাটি। এর প্রিমিয়ারে এ প্রাক্তন দম্পতি একসঙ্গে রেড কার্পেটে পোজ দেন। কিছু ছবিতে দেখা যায়, তারা রেড কার্পেটে একে অন্যের সঙ্গে আলাপ করছেন। অ্যাফ্লেক এ সিনেমা নিয়ে মিডিয়ার সঙ্গে আলাপও করেছেন।
সিনেমা প্রদর্শনীর আগে মঞ্চে উঠে লোপেজ বলেন, ‘ধন্যবাদ সবাইকে। এখানে আসার জন্য অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ বেন। বেন ও আর্টিস্ট ইকুইটি ছাড়া সিনেমাটি হতো না। আমি চিত্রনাট্য পড়ে একদম অভিভূত হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, এটা কি সত্যিই ঘটছে? আমি গাইতে পারছি, নাচতে পারছি, অভিনয় করতে পারছি। আমি যেন পুরনো হলিউডের এক সিনেমার তারকা!’
সে সিনেমার সূত্রেই লোপেজ-অ্যাফ্লেক জুটিকে একসঙ্গে দেখা গেল। বিেচ্ছদের পর সোমবার রাতেই প্রথম একত্রে জনসমক্ষে এলেন তারা।
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্কের গ্রাফে নানা উত্থান-পতন আছে। তাদের সম্পর্ক শুরু হয় ২০০২ সালে এবং ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে ২০০৪ সালে তারা বিচ্ছেদ করেন। পরে দুজনই অন্য সম্পর্কে জড়ান এবং আলাদাভাবে পরিবার গড়েন। ২০২১ সালে তারা আবার একত্র হন এবং ২০২২ সালের জুলাইয়ে লাস ভেগাসে বিয়ে করেন। ২০২৪ সালে ‘অসমাধানযোগ্য মতপার্থক্য’ দেখিয়ে তারা আলাদা হয়ে যান। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
তবে এ দম্পতি একে অন্যের সন্তানদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং একসঙ্গে কিছু পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে সোমবারের রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হওয়াটা ছিল বিচ্ছেদের পর প্রথমবার। বিভিন্ন বিষয়ে তারা পরস্পরকে সবসময়ই কৃতিত্ব দিয়েছেন। নতুন সিনেমাটি নিয়ে তো লোপেজ একাধিকবার বলেছেন। উল্লেখ্য, কিস অব দ্য স্পাইডার উইম্যান যুক্তরাষ্ট্রে ১০ অক্টোবর মুক্তি পাবে।
সূত্র: ইয়ন










