ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল ছাভা। লক্ষ্মণ উতেকর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, রাশমিকা মানদানা, অক্ষয় খান্নাসহ আরো অনেকে। মোগল বাদশাহ আওরঙ্গজেব ও ছত্রপতি শিবাজীর পুত্র শম্ভাজির দ্বৈরথ নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। এতে শম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি ও আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয়। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ভালো আয় করছে। মুক্তির দ্বিতীয় শনিবারে এটি প্রায় ৮৭ দশমিক ২৩ শতাংশ বেশি দর্শক পেয়েছে। গত শনিবার এ সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৪৪ কোটি রুপি। এর মধ্য দিয়ে ভারতে মোট আয় করল ২৮৬ কোটি ৭৫ লাখ রুপি।

দ্বিতীয় শনিবার ভারতজুড়ে সিনেমাটির শো হয়েছে ৬ হাজার ৫৩০টি। সব মিলিয়ে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল ৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর মধ্যে পুনেতে সবচেয়ে বেশি দর্শক পেয়েছে ছাভা। সেখানে ৮৫ দশমিক ৭৫ শতাংশ দর্শক পেয়েছে হলগুলো। শো হয়েছে ৭৭৪টি। মজার ব্যাপার, চেন্নাইয়েও কাছাকাছি ধরনের সাড়া পেয়েছে সিনেমাটি। সেখানে দর্শক উপস্থিতি ছিল ৮১ দশমিক ৫০ শতাংশ। তবে শো হয়েছে কম। চেন্নাইয়ে মাত্র ৫৫টি শো ছিল এ সিনেমার। সবচেয়ে বেশি শো ছিল মুম্বাইয়ে। ১ হাজার ৪৫৮টি শোয় ৭৪ শতাংশ দর্শক পেয়েছে সিনেমাটি। সবচেয়ে কম দর্শক পেয়েছে দিল্লিতে। ১ হাজার ২৪১টি শো থেকে মাত্র ৪৬ শতাংশ দর্শক পেয়েছে ছাভা। সবকিছুর মধ্য দিয়ে বৈশ্বিকভাবে সিনেমাটি রোববার সকাল পর্যন্ত আয় করেছে ৩৩৮ কোটি ৭৫ লাখ রুপি। বক্স অফিসে ভালো করলেও সিনেমাটি নিয়ে সমালোচনা আছে। দর্শক ও বিশ্লেষকরা বলছেন এতে আছে ইতিহাস বিকৃতি। রাজনৈতিক স্বার্থে নির্মিত এটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস