অবশেষে বাবা-মা সম্পর্কিত গুজব নিয়ে মুখ খুললেন জনপ্রিয় মার্কিন গায়িকা মাইলি সাইরাস। ইনস্টাগ্রামে সম্প্রতি মা টিশ সাইরাস এবং বাবা বিলি রে সাইরাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো নানা জল্পনার জবাব দিয়েছেন তিনি।
৩১ বছর বয়সী মাইলি গত শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে মা টিশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি বাবার সঙ্গে বর্তমান সম্পর্কের অবস্থাও শেয়ার করেন ফলোয়ারদের সঙ্গে।
মাইলির মা টিশ ও বাবা বিলি রে ১৯৯৩-২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন। বিচ্ছেদের পর টিশ ২০২৩ সালে ডমিনিক পুরসেলেকে বিয়ে করেন। অন্যদিকে বিলি রে বর্তমানে এলিজাবেথ হারলির সঙ্গে সম্পর্কে আছেন।
সম্প্রতি মাইলির মা টিশ ইনস্টাগ্রামে তাকে আনফলো করেছিলেন বলে গুজব ছড়ায়। কারণ একই দিনে মাইলির বাবা বিলি রে মাইলির পুরনো একটি ভিডিও পোস্ট করেন। এ গুজবের পরিপ্রেক্ষিতেই নিজের ও পরিবারের অবস্থান ফলোয়ারসের কাছে পরিষ্কার করেন তিনি।
মাইলি লিখেছেন, ‘আমার মা আর আমি এতটাই ঘনিষ্ঠ যে আমাদের মধ্যে কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। মা আমার সেরা অনেক মায়ের মতো, তিনি ভালোভাবে ফোন ব্যবহার করতে পারেন না, কোনোভাবে আমাকে আনফলো করে ফেলেছেন—এটা একদমই সাধারণ, কাকতালীয় ও তেমন কিছু নয়।’
বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে মাইলি লেখেন, ‘আমার বাবার সঙ্গে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল এত বছর। কিন্তু এখন আমি ৩০-এর কোঠায়, পরিবারই আমার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। আমি এখন শান্তিতে আছি, কারণ জানি আমরা আমাদের দূরত্ব পেরিয়ে এসেছি, সময়ও অনেক ক্ষত সারিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার পরিবারে এখন ভালোবাসা আর সুস্থতা আছে।’
মাইলি সাইরাস একজন জনপ্রিয় মার্কিন গায়িকা, অভিনেত্রী ও গীতিকার। তিনি ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে ডিজনি চ্যানেলের হিট টিভি সিরিজ ‘হান্নাহ মন্টানা’র মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এ শোয় তিনি মাইলি স্টুয়ার্ট নামে একটি কিশোরী চরিত্রে অভিনয় করেন।
সূত্র: ভ্যারাইটি










