টালিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক, ওঠাপড়া, দুষ্টু-মিষ্টি মুহূর্ত আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি—সবই বারবার নতুন করে শিরোনাম কাড়ে। বাস্তব জীবনে যেমন তাদের রসায়ন নজর কাড়ে, তেমনি পর্দায়ও এ জুটিকে ঘিরে থাকে দর্শকের প্রবল আগ্রহ।
এরই মাঝে পুরোপুরি কাজে মন দিয়েছেন টলিউড সুপারস্টার দেব। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা প্রজাপতি ২। এটি দেব অভিনীত জনপ্রিয় সিনেমা ‘প্রজাপতি’র সিকুয়াল, যেখানে তিনি আবারো নতুন আঙ্গিকে হাজির হচ্ছেন। এরই মধ্যে প্রকাশিত পোস্টার ও টিজারে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ভক্তদের চোখ এখন সিনেমা মুক্তির তারিখের দিকে।
সূত্র জানায়, প্রজাপতি ২-এ দেবকে দেখা যাবে এক সিঙ্গেল ফাদার হিসেবে—একজন দায়িত্বশীল, আবেগপ্রবণ কিন্তু সংগ্রামী বাবার চরিত্রে। এ ভিন্নধর্মী চরিত্রে তাকে দেখতে ভীষণ উদগ্রীব দর্শক। বাস্তব জীবনে কি দেবেরও বাবা হওয়ার ইচ্ছে আছে? এমন প্রশ্ন নিয়েই সম্প্রতি মুখোমুখি হন তিনি।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বেশ চমকেই যান দেব। মৃদু হেসে তিনি বলেন,‘আগে তো বিয়ে করতে হবে!’ এরপর তিনি আরো বলেন, ‘অবশ্যই নিজের পরিবার গড়ার ইচ্ছে আমার আছে। আমি বিশ্বাস করি, এসব বিষয় ভাগ্যের ব্যাপার। যখন আমার জীবনে সময়টা ঠিক হবে, তখনই সবকিছু ঘটবে।’
বর্তমানে ৪২ বছর বয়সী দেবকে ঘনিষ্ঠজনদের অনেকে আখ্যা দেন ‘বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হিসেবে। প্রতিবারই সাংবাদিকদের মুখোমুখি হলে তার কাছে আসে একই প্রশ্ন— ‘কবে বিয়ে করছেন?’ তবে দেব বরাবরই উত্তর দেন ধৈর্য ও হাস্যরসের সঙ্গে।
প্রজাপতি ২-এ ফের দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীর জুটি, যাদের রসায়ন আগের সিনেমায়ই দর্শকের মন ছুঁয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন, যিনি ‘টনিক’ ও ‘প্রজাপতি’র মতো সফল সিনেমার পরিচালক হিসেবেও পরিচিত। এবারো তার পরিচালনায় থাকছে হাসি, কান্না, পারিবারিক টানাপড়েন ও আবেগের মিশেল।
নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু। জানা গেছে, সিনেমার গান ও সংলাপে এবার আরো বেশি জোর দেয়া হয়েছে পারিবারিক বন্ধন ও সম্পর্কের মূল্যবোধের ওপর।
সব মিলিয়ে, প্রজাপতি ২ মুক্তি পেলে তা যে দেবের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে, তা বলাই যায়।










