দেশে প্রথমবারের মতো আসছে সিচুয়েশনাল কমেডি বা সিটকম সিরিজ ‘ক্যাফে সোসাইটি’। পরিচালনায় মাসুদ আল জাবের। নির্মাতার দাবি, এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ সিটকম সিরিজ। এতে একসঙ্গে কাজ করছেন দেশের জনপ্রিয় কয়েকজন শিল্পী। তাদের মধ্যে অন্যতম অভিনেতা সোহেল মণ্ডল, যিনি এবার একেবারেই নতুন এক চরিত্রে হাজির হচ্ছেন দর্শকের সামনে। তাকে গভীর ও সিরিয়াস চরিত্রে দেখা গেলেও এবার তিনি আসছেন কমেডি ঘরানায়। নতুন এ যাত্রা, প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন অহিদুর রহমান
কমেডি ঘরানায় প্রথমবার
ক্যাফে সোসাইটি সিরিজে সোহেল মণ্ডল থাকছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। তবে চরিত্রটি নিয়ে তিনি আপাতত বেশি কিছু বলতে চাইছেন না।
সোহেল বলেন, ‘কাজটা শুরু হোক, তারপর দর্শকের সামনে এলে তারা দেখতে পারবেন। আমি এর আগে যতগুলো চরিত্র করেছি, তার বাইরে এসে এ চরিত্র করা হচ্ছে।’ সোহেল মণ্ডল সাধারণত সিরিয়াস গল্পে অভিনয়ের জন্যই পরিচিত। পাশাপাশি ভিন্ন জনরায়ও কাজ করেন। তিনি বলেন, ‘আমি সিরিয়াস গল্পে কাজ করি, বিষয়টা ঠিক তেমন নয়। আমার কাছে যে গল্পগুলো আসত, সেগুলো হয়তো একটু সিরিয়াস ঘরানার হতো। এর আগে আমার কমেডি জনরার কাজ করা হয়নি। ক্যাফে সোসাইটি সিরিজটি কমেডি জনরার একটি কাজ। আমিও নিজেকে এ ঘরানায় দেখতে চাচ্ছিলাম। সে জায়গা থেকেই এ সিরিজে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।’
নতুন নির্মাতা, নতুন অভিজ্ঞতা
ক্যাফে সোসাইটিতে এটি তার প্রথম কাজ মাসুদ আল জাবেরের সঙ্গে। যদিও এখনো শুটিং শুরু হয়নি, তবে নির্মাতার প্রতি তার আস্থা স্পষ্ট। সোহেল বলেন, ‘এর আগে মাসুদ আল জাবেরের সঙ্গে কাজ করা হয়নি। সিরিজটির শুটিং এখনো শুরু হয়নি। শুটিং শুরু হলে বোঝা যাবে। প্রাথমিকভাবে তার প্রতি একটা বিশ্বাস আছেই। কাজ শুরু হলে বাকিটা বোঝা যাবে।’
প্রস্তুতি ও প্রত্যাশা
নতুন ঘরানা, নতুন চরিত্র সব মিলিয়ে প্রস্তুতি নিয়েই ব্যস্ত সোহেল মণ্ডল। ‘এখনো শুটিং শুরু হয়নি। কেবল কাজের অফার পেয়েছি। স্বাভাবিকভাবেই যেহেতু এ জনরায় আমার কাজ করা হয়নি, তাই আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে। কীভাবে চরিত্রটাকে সুন্দরভাবে দর্শকের কাছে ফুটিয়ে তোলা যায়, সেটাই আমার মূল চেষ্টা থাকবে।’
বাংলাদেশে সিটকমের ভবিষ্যৎ
দেশে সিটকম ঘরানার ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। ‘বাংলাদেশে সিটকম ঘরানার ভবিষ্যৎ কেমন হবে, সেটা এখন বলা যাচ্ছে না। এর আগে কয়েকটি কাজ হয়েছিল। তবে আমি মনে করি, যদি এ ঘরানার গল্প ঠিকঠাকভাবে বানানো যায় এবং দর্শকের সামনে ভালোভাবে উপস্থাপন করা যায়, তাহলে অবশ্যই সিটকম ঘরানার গল্পের সম্ভাবনা আছে। যেকোনো নতুন কিছুই সম্ভাবনা তৈরি করে। নির্মাণ ও এক্সিকিউশন—এ দুয়ের ওপরই নির্ভর করবে দর্শক এটি কীভাবে গ্রহণ করবে।’
নতুন কাজের প্রস্তুতি
ক্যাফে সোসাইটির বাইরে তার হাতে আছে আরো কয়েকটি কাজের প্রস্তাব। ‘আগামী মাসে ওটিটির জন্য অনেক দিন পর কাজ করব। সেটার প্রস্তুতি নিচ্ছি। প্রজেক্টটি একজন ভালো পরিচালকের, এখনই নাম বলতে চাচ্ছি না। পাশাপাশি কিছু নাটকে কাজ করছি। সামনে একটি সিনেমা মুক্তির প্রস্তুতিও চলছে।’
বাংলা কনটেন্ট নিয়ে আশাবাদী
বাংলা নাটক ও ওয়েব সিরিজের বর্তমান মান নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সোহেল মণ্ডল। তিনি বলেন, ‘নাটকের মান বা দিকনির্দেশনা নিয়ে আমার তেমন কোনো মন্তব্য নেই। দেশের পরিস্থিতি ও চারপাশের অবস্থা মিলিয়ে এখন কিছু কাজ হচ্ছে। অনেক বেশি কাজ হলে কমসংখ্যক কাজ ভালো হয়, এটাই স্বাভাবিক। তবে ভালো কাজও হচ্ছে। দেশের পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই আমাদের সমর্থন বাড়বে আর ভালো কাজের সংখ্যাও বাড়বে।’










