এ সময়ের মেধাবি নাট্যনির্মাতা রবিউল সিকদার, যিনি সবসময় জীবন ঘনিষ্ঠ গল্প নিয়েই কাজ করেন, আবারো ‘তবু মনে রেখো’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন মাতিয়া বাবুন শুক।

এরই মধ্যে রাজধানীর উত্তরায় একদিনেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নন্দিত অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। এ নাটকে মৌয়ের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।

নাটকটির গল্প ও এতে কাজ করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘রবির পরিচালনায় এর আগেও একটি কাজ করেছি। সে নাটকে আমি, আখম আর উর্মিলা ছিলাম। দীর্ঘদিন পর আবারো রবির নাটকের কাজ করা হলো। এ নাটকের গল্প আমাদের জীবন থেকে নেয়া গল্প। জীবন সংসারের গল্প। নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন মাসুম বাশার, শাহেদ আলী, মৌসহ আরো কয়েকজন। রবি বেশ যত্নসহকারে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। আশা করি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘এ নাটকে ডলি ভাবি আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে যে ছেলের পরিবার থেকে মা-বাবা আলাদা হয়ে যেতে চাইছেন। তখন মা অসুস্থ হয়ে পড়েন। এমন সময় বাবা মায়ের পাশে থেকে তার সেবা করেন, তাকে সুস্থ করার চেষ্টা করেন। আবার আমি ও আমার স্বামী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। কিন্তু মায়ের প্রতি বাবার এ দায়িত্ব ও ভালোবাসা দেখে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। গল্পটি সুন্দর। নির্মাতা নির্দিষ্ট সময়ের মধ্যেই নাটকটি যথাযথভাবে নির্মাণের চেষ্টা করেছেন। আমরা যারা ছিলাম, প্রত্যেকেই সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। কারণ এ ধরনের গল্প শিক্ষণীয়। জীবন থেকে নেয়া গল্পের নাটক বেশি বেশি নির্মাণ হওয়া উচিত, আমি তাই মনে করি।’