বঙ্গতে আসছে নতুন ওয়েব সিরিজ ননসেন্স। সিরিজটি শহরকেন্দ্রিক পারিবারিক গল্পে নির্মিত। ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু। এর মুক্তি উপলক্ষে গত শুক্রবার বিকালে ঢাকার শিল্পকলা একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, ‘একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার পরিবারের গল্প নিয়ে এটি তৈরি। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে, যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সে দ্বন্দ্ব এবং কী সে ঘটনা, সে গল্পই দেখা যাবে সিরিজে।’

এ সিরিজের অভিনেতা টনি মাইকেল গোমেজ বলেন, ‘পরিবার নিয়ে একসঙ্গে আনন্দ নিয়ে দেখার মতো কনটেন্ট ‘ননসেন্স’। এটি পরিবারের ভেতরের গল্প দিয়ে দেশ-রাজনীতি নিয়ে একসঙ্গে করা। একটা ইন্টারেস্টিং স্যাটায়ার কনসেপ্ট হচ্ছে ননসেন্স। এতে দুটি পুরুষের জীবনের গল্প বলা হয়েছে। হাস্যরসের মাঝে হালকা থ্রিলার রাখা হয়েছে। আশা করছি, সিরিজটি দর্শককে ভিন্ন স্বাদ দেবে।’

ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডি থেকে জানানো হয়েছে, শুরুতেই দর্শকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে তারা কনটেন্ট উপহার দিয়ে আসছে। তাদের বানানো যেকোনো কনটেন্ট দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। নতুন ওয়েব সিরিজ ননসেন্সেও এর প্রতিফলন ঘটেছে। সিরিজটি কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে, যা বাংলাদেশের ওটিটি প্লাটফর্মে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করছে তারা।

ননসেন্সে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ। বছরখানেক আগে ঢাকার বিভিন্ন স্থানে সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ।