‘১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে শতাধিক দেশের ২৭৬ চলচ্চিত্র। আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০ ডিসেম্বর বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উৎসব শেষ হবে ২৭ ডিসেম্বর।
এবারের উৎসবটি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ও শিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।
এবারের আসরের কান্ট্রি ফোকাস হিসেবে নির্বাচন করা হয়েছে ফিলিস্তিনকে। ২৫ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি ফিকশন চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচন করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ড্রিম, দ্য ফাইট, দ্য ভিক্টরি’ প্রদর্শিত হবে ২৩ ডিসেম্বর। এর বাইরে একাধিক সেশন রয়েছে। এসব সেশনে নুরুল রাশেদ চৌধুরী, জহিরুল ইসলাম, রফিকুল আনোয়ার, তারেক আহমেদ, নাঈম মোহায়মেনসহ অনেকে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আলোকচিত্রী নাসির আলী মামুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন। ২৭ ডিসেম্বর বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। উৎসবটি পরিচালনা করবেন সৈয়দ ইমরান হোসেন কিরমানী।










