মাছরাঙা টেলিভিশনের লোকসংগীতের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা-৫ নির্বাচিত হবে আগামীকাল। এর আগে বিভিন্ন রাউন্ড শেষে শুক্রবার সেরা ৭-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে আছেন সংগীতশিল্পী শফি মন্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান। প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে লোকসংগীতের এ রিয়ালিটি শো।

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ রিয়ালিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে এ আয়োজন। এর উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এ আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেয়া।

এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। এখান থেকে বাছাইকৃত ৪০ জন প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। সেখান থেকে নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ।