অভিনেত্রী ভূমি পেড়নেকার বলিউডে নিজের স্থান তৈরি করে নিয়েছেন। ২০১৫ সালে ‘দম লগা কে হাইশা’ দিয়ে তার অভিষেক হয়। সিনেমাটিতে স্থূল শরীরের এক নারীর চরিত্রে অভিনয় করেন। এরপর একের পর এক ভিন্ন ধারার সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। গ্ল্যামারাস চরিত্রে কমই অভিনয় করেছেন। তবে তার সিনেমার অন্যতম বৈশিষ্ট্য নারী স্বাধীনতা ও নারীর নিরাপত্তার কথা বলা। সম্প্রতি গোয়া শহরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৫তম আসরেও এসব নিয়েই কথা বলেন তিনি, বিশেষত নারীর নিরাপত্তার কথা। তার মতে, সিনেমার সেটেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন ভূমি।

কথা উঠেছিল সিনেমায় নারীর চরিত্র ও উপস্থাপন নিয়ে। সে আলাপ করতে করতে ভূমি তার প্রথম সিনেমার অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমাটি আমার জন্য বিশেষ ছিল। কেননা এটা রীতিমতো একটা স্ট্যাটাস তৈরি করে দিয়েছে। আমি মুক্ত চিন্তা করা এক পরিবারে বেড়ে উঠেছি। কর্মক্ষেত্রে নানা ধরনের লিঙ্গবৈষম্য নিয়ে জানা ছিল না। আমার বাবাও সিনেমায় আসার বিষয়ে রাজি ছিলেন না। তবে আমার এখনকার ধারণা তিনি ভুল ছিলেন। কেননা আমাদের সিনেমার কর্মক্ষেত্র যথেষ্ট নারীবান্ধব। আমি যেকোনো জায়গার চেয়ে সিনেমার সেটে বেশি নিরাপদবোধ করি।’

এ সেমিনারে ভূমির সঙ্গে আরো ছিলেন পরিচালক ইমতিয়াজ আলী, অভিনেত্রী খুশবু সুন্দর ও অভিনেত্রী সুহাসিনী মণিরত্নম। সে বিষয়ে ইমতিয়াজ আলী বলেন, ‘সব জায়গায়ই কিছু সহজ পদ্ধতি থাকে। একজন চাইলে সে পথ নিতে পারেন, কিন্তু তা কাউকে খুব বেশি পথ নিয়ে যায় না। একজন কাস্টিং কাউচ গ্রহণ করলেও তিনি যে ভালো কোনো প্রজেক্টে সত্যিই যেতে পারবেন, তা নিশ্চিত না।’ ইমতিয়াজ আলীর এ কথার সঙ্গে ভূমিও একমত হয়েছেন। সেই সঙ্গে তিনি মনে করেন, এ ধরনের কাজ নির্দিষ্ট কিছু মানুষই করে।

সূত্র: ইয়ন