ছোট পর্দার প্রিয় মুখ সামিরা খান মাহি। গল্প ও চরিত্র বাছাইয়ে এখন আগের চেয়ে অনেক বেশি যত্নশীল এ অভিনেত্রী। পর্দায় নতুন কিছু তুলে ধরার তাগিদ থেকেই একের পর এক ভিন্ন স্বাদের গল্পে নিজেকে মেলে ধরছেন তিনি। সেই ধারাবাহিকতায় দর্শক তাকে দেখতে পাচ্ছেন দুটি নতুন নাটকে, ‘মেঘ না চাইতে বৃষ্টি’ ও ‘তোমার প্রেমে’।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে মেঘ না চাইতে বৃষ্টি নাটকটি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে মুক্তি পাওয়া এ নাটকে মাহির বিপরীতে আবারো অভিনয় করেছেন আরশ খান। এ জুটি এর আগে ‘নীল ছাতা’, ‘দ্বিতীয় পত্র’, ‘ফিরে আসা’, ‘বকুল ফুল’, ‘ভেতরে আসতে দাও’, ‘প্রশ্ন করো না’, ‘আদরে রেখো’, ‘বালক বালিকা’, ‘প্রেমিকার বয়ফ্রেন্ড’, ‘মন খারাপের দিনে’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
আসাদ জামানের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় নির্মিত মেঘ না চাইতে বৃষ্টি নাটকে আরশ-মাহি জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাসার, সুমি আক্তার, মিলি বাসার, আনোয়ার শাহী, সম্পা নিজামসহ আরো অনেকে।
মাহির দ্বিতীয় নতুন নাটক তোমার প্রেমে প্রকাশ পাচ্ছে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে। রুবেল আনুশের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল। এতে আরো রয়েছেন নিলি বাসার, লিয়া মনি, সাদি প্রমুখ।
নতুন এ দুই নাটক প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘গল্প ও চরিত্র নতুন হলেও এখানে আছে চেনা জীবন আর আশপাশের মানুষের ছায়া। তাই দর্শক খুব সহজেই গল্পের সঙ্গে মিশে যেতে পারবেন। যাপিত জীবনের নানা ঘটনাকে নতুনভাবে দেখার সুযোগও মিলবে। তার মতে, নাটক দুটি তাকে যেমন নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরবে, তেমনি দর্শকের প্রত্যাশা পূরণের সুযোগও তৈরি করবে।
কাজ বাছাইয়ের বিষয়ে মাহি আরো বলেন, ‘শুধু এ দুই নাটক নয়, এ সময়ে যে গল্প ও চরিত্রগুলো তিনি পর্দায় তুলে ধরছেন, সবই অনেক চিন্তাভাবনা করেই বেছে নেয়া। কারণ দিন দিন অভিনয়ের প্রতি তার তৃষ্ণা বাড়ছে এবং পরিণত শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষাও আরো দৃঢ় হচ্ছে। অল্প সময়ের অভিনয়জীবনে অনেক নাটকে কাজের সুযোগ পেলেও এখন তিনি বিশ্বাস করেন, সংখ্যার চেয়ে কাজের মানই বেশি গুরুত্বপূর্ণ। তাই যতদিন অভিনয় করবেন, ভালো গল্প ও মানসম্মত কাজ দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই নিরলসভাবে কাজ করে যেতে চান। যার কিছুটা আভাস পাওয়া যাবে মেঘ না চাইতে বৃষ্টি ও তোমার প্রেমে নাটক দুটির মাধ্যমে।










