পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাতিল হলো সান দিয়েগো কমিক কন। শুক্রবার আয়োজকরা জানিয়েছেন, নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাতিল করা হয়েছে সুপারহিরো ফিল্ম ও পপ সংস্কৃতির এ জনপ্রিয় আয়োজনটি।

কমিক কন আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইভেন্টটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং সান দিয়েগো কনভেনশন হলসহ আশপাশের রাস্তা ও হোটেলগুলোয় কয়েক হাজার মানুষকে বিভিন্ন রকম সুপারহিরো কস্টিউমে দেখা যায়।

আয়োজকরা এ সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে বলেন ‘স্বাস্থ্যকর্মীদের ক্রমাগত পর্যবেক্ষণ ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সাম্প্রতিক বিবৃতিগুলো পরিষ্কার করেছে যে এ বছরের অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করা নিরাপদ হবে না।’

পরবর্তী সান দিয়েগো কমিক কন ২০২১ সালের ২২-২৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

আসন্ন প্রোগ্রামগুলোকে দর্শকদের কাছে পরিচিত করতে টিভি নেটওয়ার্ক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটি বড় ইভেন্টে পরিণত হয়েছিল কমিক কন। গত বছর অ্যাঞ্জেলিনা জোলি ও নাটালি পোর্টম্যান ছাড়াও টম ক্রুজকে দেখা গিয়েছিল এই কমিক কনে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে