অচিনপুর একটি গ্রামের নাম। সে গ্রামের প্রেমানন্দ কলেজের নানা ঘটনা নিয়ে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’।

আজ বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক নাটক। আহমেদ শাহাবুদ্দীনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে শনি, রোব ও সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম আ সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণসহ আরো অনেকে।

নাটকটির কাহিনী সংক্ষেপ: গ্রামের নাম অচিনপুর। এ গ্রামেরই শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রেমানন্দ কলেজ’। কলেজটিতে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এ ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে ‘ফিমেল ফাইটার্স’ নামে একটি দল গঠন করে। তাদের কাজ ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। একদিন প্রেমানন্দ কলেজে নতুন শিক্ষক আসে। নাম রাশেদ। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় তাকে ধরে বসে ফিমেল ফাইটারসের মেয়েরা। খুব জেরা করে, এতে রাশেদ বিব্রত হয়ে পড়ে। সে বলে, ‘আমি প্রেমানন্দ কলেজের নতুন বাংলার শিক্ষক।’ এ কথা শুনে লজ্জা পায় ফিমেল ফাইটারসের চার মেয়ে। আর গল্পের শেষ জানতে হলে দর্শককে চোখ রাখতে হবে ধারাবাহিকটির শেষ পর্যন্ত।