আগস্টে মুক্তি পায় ‘স্ত্রী টু’। ওপেনিংয়ে ‘পাঠান’-এর রেকর্ড ছাড়ায় সিনেমাটি। সিনেমার সাফল্যের ফলে উড়ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। এর ভাড়া প্রতি মাসে প্রায় ৬ লাখ রুপি।

মুম্বাইয়ের জুহু এলাকায়ই বলিউডের সব তারকার বাড়ি। এখানেই নতুন অভিনেতা-অভিনেত্রী ও তারকারা বাড়ি কিনতে চান। সেখানেই একটি আবাসিক এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন শ্রদ্ধা। উঁচুতল ভবনের তৃতীয় তলায় তার অ্যাপার্টমেন্ট। এর ক্ষেত্রফল প্রায় চার হাজার (৩ হাজার ৯২৯) বর্গফুট। মাসিক ৬ লাখ রুপি হিসেবে তিনি এক বছরের জন্য ৭২ লাখ রুপি অগ্রিম ভাড়া পরিশোধ করেছেন।

ভারতীয় গণমাধ্যমে আসা খবর অনুসারে, শ্রদ্ধা এ বাড়ি ভাড়া নেয়ার চুক্তি করেছেন অক্টোবরের মাঝামাঝি সময়। এর জন্য স্ট্যাম্প ডিউটি লেগেছে ৩৬ হাজার রুপি ও ১ হাজার রুপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। অ্যাপার্টমেন্টের সঙ্গে তিনি পাচ্ছেন চারটি গাড়ি রাখার মতো পার্কিং স্পেস।

গাড়ি নিয়ে শ্রদ্ধার আগ্রহ আছে। তিনি বিলাসবহুল গাড়ি পছন্দ করেন। তার একটি ল্যাম্বরগিনি আছে, যার মূল্য ৪ কোটি রুপি।

এর আগে খবরে এসেছিল হৃতিক রোশনের জুহুর বাড়িটি ভাড়া নিচ্ছেন শ্রদ্ধা। সেটা করলে তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী হতেন। কেননা সেখানেই অক্ষয়ের ডুপ্লেক্স বাড়ি। তবে শ্রদ্ধা সবসময়ই জুহুকে নিজের বাড়ি বলেন, কেননা বহুদিন ধরে তার বাবা শক্তি কাপুর ও মা শিবাঙ্গী কোলহারপুর ওই অঞ্চলে বাস করছেন।

জুহু অঞ্চলে বাড়ি কেনার পাশাপাশি ভাড়া নেয়াও বলিউড তারকাদের একটা প্রবণতায় পরিণত হয়েছে। এর আগে ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলেন মাসিক ৯ লাখ রুপি ভাড়ায়।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস