রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে রোববার রাতে অনুষ্ঠিত হয় ‘জংলি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘জংলি’র অভিনেত্রী শবনম বুবলী।
বুবলী পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পহেলা বৈশাখের আনন্দ আরো দ্বিগুণ-তিন গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এ আয়োজন।’
‘জংলি’ সিনেমায় তিথি চরিত্রে অভিনয় করেছেন বুবলী। দর্শক নন-গ্ল্যামারস লুকে বুবলীকে পছন্দ করেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফট্র্যাক চরিত্র তিনি ভালো সামলাতে পারেন, সে প্রমাণ ‘টান’ বা ‘দেয়ালের দেশ’-এ পাওয়া গেছে। ‘জংলি’র ইন্টার্ন চিকিৎসকের চরিত্রটিও তেমনই।
‘জংলি’ এখন আবেগের নাম উল্লেখ করে বুবলী আরো বলেন, ‘সিনেমার বড় প্রচারটা হয় দর্শকের মুখ থেকে। অন্যদের বলছে, জংলি পারিবারিক সিনেমা, কমেডি সিনেমা, পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায়। সিনেমাটি দর্শক দেখবে, আমাদের এমন বিশ্বাস ছিল। সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত।’
এর আগে বুবলী বলেন, ‘ছোট বাচ্চারা থেকে আশি বছরের দর্শক “জংলি” দেখছে। বিশেষ করে বলতে হয় আমাদের সিনিয়র সিটিজেন হলে ফিরেছেন। তারা পরিবার নিয়ে আসছেন সিনেমা দেখতে। এটা খুবই ইতিবাচক। আমার কাছে মনে হয় প্রতিটি গল্পই আলাদা মানুষকে কাঁদানো-হাসানো কঠিন কাজ। সেখানে জংলি দেখে আবেগে আপ্লুত হয়েছেন দর্শক। তারা হাসছেন, কাঁদছেন। পরবর্তী সিনেমা করতে দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিচ্ছে।’










