সংগীতাঙ্গনের তিন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা, সানিয়া সুলতানা লিজা ও জানিতা আহমেদ ঝিলিক। লিজা ও ঝিলিকের অনেক আগেই গানের ভুবনে কনার যাত্রা শুরু হয়েছিল। আধুনিক ও সিনেমার গানে বর্তমান সময়ের অন্যতম সেরা সংগীতশিল্পী তিনি। বিশেষ করে গত বছর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর তার কণ্ঠে গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি এতটাই সাড়া ফেলে যে গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত কনাই সবচেয়ে বেশি স্টেজ শোয়ে অংশ নিয়েছেন।
এক ‘দুষ্টু কোকিল’ গানটাই তার ক্যারিয়ার আরো অনেক বেশি আলোকিত করে দিয়েছে। যে কারণে এই সময়ে স্টেজ শোগুলোয় কনার চাহিদা আরো বেড়ে গেছে। কণা যে সময়টায় গানকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, সে সময়ে দেশে গানের কোনো রিয়েলিটি শো হতো না। তবে তিনি গানের ভুবনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই পেশা হিসেবে গানকে বেছে নিয়েছিলেন। বাংলা একাডেমি আয়োজিত নজরুল ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় কণা সারা দেশের সব প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছিলেন। এছাড়া আরো অন্যান্য প্রতিযোগিতায়ও তিনি প্রথম হয়েছিলেন।
এদিকে লিজা ও ঝিলিক মূলত রিয়েলিটি শোয়ে চ্যাম্পিয়ন হয়ে পেশাগতভাবেই গানের ভুবনে পথচলা শুরু করেন। দুজনেরই গানের ভুবনে পথচলা শুরু হয় ২০০৮ সালে। তখন লিজা পড়েন দশম শ্রেণীতে, ঝিলিক নবম শ্রেণীতে। ২০০৮ সালে লিজা দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। একই বছর ‘চ্যানেল আই’ আয়োজিত প্রথম ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ঝিলিক। সেই বছর থেকেই গানের ভুবনে তাদের পেশাগত যাত্রা শুরু। দুজনেরই বেশকিছু শ্রোতাপ্রিয় আধুনিক গান রয়েছে। দুজনই সিনেমায় গান গেয়েছেন। কনা, লিজা, ঝিলিক এদের তিনজনেরই সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। মঞ্চে সাধারণত তারা নিজেদের মৌলিক গানই গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিশেষ অনুরোধে রুনা লায়লার গানও গাইতে ভালোবাসেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনা বলেন, ‘আলহামদুলিল্লাহ, গত বছরের শেষপ্রান্ত থেকে এখন পর্যন্ত স্টেজ শোয়ে বেশ ভালো ব্যস্ত সময় কেটেছে। আগামী ঈদে কাতারে শো করব। ফিরে এসে দেশেও শো আছে। স্টেজ শো, নতুন নতুন গান, ভয়েজ ওভার সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে সময়।’ লিজা বলেন, ‘এই মুহূর্তে মনটা ভীষণ ভালো। কারণ ইত্যাদিতে প্রচারিত আমার ও রবি ভাইয়ের গাওয়া ‘প্রেমের কাব্য হবে চূড়ান্ত’ গানটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এছাড়া স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত সময় কাটছে।’










